বস্ত্র আমদানিতে বাংলাদেশ সপ্তম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিশ্ববাজার থেকে বস্ত্র (টেক্সটাইল) আমদানির শীর্ষ দেশগুলোর তালিকায় আরেক ধাপ ওপরে উঠেছে বাংলাদেশ। ২০১২ সালে যেখানে বস্ত্র আমদানিতে বাংলাদেশ ছিল অষ্টম বৃহত্তম, সেখানে গত বছর এক ধাপ এগিয়ে অবস্থান হয়েছে সপ্তমে। প্রধানত রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের চাহিদা মেটানোর জন্য আমদানি বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি দেখা দিয়েছে।
বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সম্প্রতি প্রকাশিত ‘ইন্টারন্যাশনাল ট্রেড স্ট্যাটিসটিকস-২০১৪’ দলিল থেকে এসব তথ্য পাওয়া গেছে। এতে ২০১৩ সালে বিশ্ববাণিজ্যের সামগ্রিক চিত্র তুলে ধরা হয়েছে, যার মধ্যে বস্ত্র আমদানি ও রপ্তানির বাজার পরিসংখ্যানও আছে।
এই পরিসংখ্যান থেকে দেখা যায়, ২০১৩ সালে বাংলাদেশ বিশ্ববাজার থেকে ৬২১ কোটি ডলারের বস্ত্র আমদানি করেছে, যা ২০১২ সালে ছিল ৫৮৪ কোটি ডলার। সে হিসাবে বস্ত্র আমদানি বেড়েছে ৬ দশমিক ৩৩ শতাংশ।
অবশ্য বিশ্বজুড়ে মোট আমদানিতে বাংলাদেশের হিস্যা অপরিবর্তিতই রয়েছে। ২০১২ সালে এটি প্রায় ১ দশমিক ৯৩ শতাংশ ছিল, যা ২০১৩ সালে হয়েছে ১ দশমিক ৯২ শতাংশ।
ডব্লিউটিওর পরিসংখ্যান থেকে দেখা যায়, ২০১১ সালে বিশ্ববাজার থেকে বাংলাদেশ প্রায় ৫৫৭ কোটি ডলারের বস্ত্র আমদানি করেছিল, যা ওই বছর বিশ্বজুড়ে মোট আমদানির ১ দশমিক ৮০ শতাংশ। আর সেই বছর বস্ত্র আমদানিতে বাংলাদেশ ছিল ১১তম অবস্থানে। অন্যদিকে ২০১০ সালে বাংলাদেশ বিশ্ববাজার থেকে প্রায় ৪৪৭ কোটি ডলারের বস্ত্র আমদানি করেছিল।
ডব্লিউটিওর পরিসংখ্যান বিশ্লেষণে আরও দেখা যায়, বস্ত্র আমদানিতে শীর্ষে আছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তারা গত বছর মোট সাত হাজার ৮৪২ কোটি ডলারের বস্ত্র আমদানি করেছে; যেখানে ২০১২ সালে করেছিল সাত হাজার ৪১১ কোটি ডলারের বস্ত্র। বৈশ্বিক আমদানিতে ইইউর অংশ প্রায় ২৫ শতাংশ। ইইউর আমদানি অবশ্য ইউনিয়নভুক্ত ২৭ দেশের মোট আমদানির হিসাব।
বস্ত্র আমদানিতে দ্বিতীয় অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্রের। গত বছর যুক্তরাষ্ট্র দুই হাজার ৭০৫ কোটি ডলারের বস্ত্র আমদানি করেছে।
এই তালিকায় তৃতীয় স্থানে আছে চীন। দেশটি গত বছর দুই হাজার ১৫৬ কোটি ডলারের বস্ত্র আমদানি করেছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে। লক্ষণীয় বিষয় হলো, বস্ত্র রপ্তানিতে চীন আবার বিশ্বের এক নম্বর দেশ। ২০১৩ সালে দেশটি প্রায় ১০ হাজার ৭০০ কোটি ডলারের বস্ত্র রপ্তানি করেছে।
শীর্ষ আমদানিকারক দেশগুলোর মধ্যে ২০১২ সালে মেক্সিকো ছিল সপ্তম অবস্থানে। তবে গত বছর মেক্সিকো নেমে গেছে অষ্টম স্থানে আর মেক্সিকোর জায়গায় উঠে এসেছে বাংলাদেশ।
দক্ষিণ এশিয়ার ভারতও আছে এই তালিকায়। তবে আমদানিতে ভারত ১৪তম হলেও রপ্তানিতে দেশটি তৃতীয় বৃহত্তম। অন্যদিকে পাকিস্তান বস্ত্র রপ্তানিতে সপ্তম।
বাংলাদেশের বস্ত্র খাতের সংশ্লিষ্ট ব্যবসায়ী-উদ্যোক্তাদের মতে, বস্ত্র খাতের জন্য বেশ বড় ধরনের বিনিয়োগের প্রয়োজন হয়। আর বেশির ভাগ শিল্পোদ্যোক্তার পক্ষে এত বড় বিনিয়োগ করা কঠিন। সে জন্যই দেশীয়ভাবে বস্ত্রশিল্পের কারখানা কম। অথচ দেশের অভ্যন্তরে চাহিদা প্রতিনিয়তই বাড়ছে। তাই আমদানিও বাড়াতে হচ্ছে।
যোগাযোগ করা হলে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি জাহাঙ্গীর আলামিন প্রথম আলোকে বলেন, রপ্তানিমুখী তৈরি পোশাকের জন্য ফ্রেবিকসের যে চাহিদা, তা অভ্যন্তরীণ উৎপাদন দিয়ে মেটানো সম্ভব নয় বলেই প্রতিবছর টেক্সটাইল আমদানি বাড়ছে। ওভেন পোশাকের রপ্তানির সঙ্গে তাল মিলিয়ে দেশজ বস্ত্র খাতের পক্ষে বিনিয়োগ ও উৎপাদন বাড়ানো সম্ভব নয়।
বিটিএমএর সভাপতি আরও বলেন, নতুন বস্ত্র কারখানা স্থাপন করে উৎপাদনে যেতে দুই থেকে তিন বছর লেগে যায়। এসব কারখানার জন্য নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ খুব জরুরি। তাই এখানে বিনিয়োগ এখনো কম।
বাংলাদেশে বস্ত্র আমদানির বড় অংশ চীন থেকে আসে। পাকিস্তান থেকেও আমদানি করা হয়।
উদ্যোক্তারা জানান, ওভেন গার্মেন্টসের পশ্চাৎমুখী সংযোগসহ পূর্ণাঙ্গ কারখানা গড়ে তুলতে শত শত কোটি টাকার বিনিয়োগ প্রয়োজন। তাই দেশে এখনো এ ধরনের কারখানা বেশি গড়ে উঠতে পারেনি। বড় বিনিয়োগের জন্য অনেকেই বিদেশি বিনিয়োগকারীদের পশ্চাৎমুখী সংযোগসহ পূর্ণাঙ্গ কারখানা স্থাপনে আহ্বান জানিয়েছেন।
বস্ত্র কারখানা গড়ে তোলার অন্যতম প্রতিবন্ধক হলো নিজস্ব তুলার অপ্রতুল উৎপাদন ও সরবরাহ। দেশে তুলার উৎপাদন খুবই কম। তাই চাহিদার প্রায় ৯৬ শতাংশ তুলা আমদানি করা হয়। আর। তুলার সরবরাহ ঠিক না থাকলে সময়মতো সুতা উৎপাদন করা যায় না। সুতার অভাব হলে বস্ত্রসামগ্রী প্রস্তুত করাও দুরূহ হয়ে পড়ে।
জানা গেছে, দেশে বস্ত্রের মূল চাহিদাটা ওভেন গার্মেন্টস থেকে। সে জন্য এই খাতের উদ্যোক্তারা চীন, ভারতসহ বিভিন্ন দেশ থেকে বস্ত্র আমদানি করে থাকেন। তাই তাঁদের স্থানীয় মূল্য সংযোজনের হার তুলনামূলকভাবে কম, প্রায় ৪০ শতাংশের মতো। অন্যদিকে নিট খাতে ৯০ শতাংশেরই বেশি স্থানীয় মূল্য সংযোজন হয়ে থাকে।