বস্ত্র আমদানিতে বিশ্বে বাংলাদেশ এখন অষ্টম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বস্ত্র আমদানির  শীর্ষ ১০ দেশ
বস্ত্র আমদানির শীর্ষ ১০ দেশ

বিশ্ববাজার থেকে বস্ত্র (টেক্সটাইল) আমদানিতে বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষ ১০ দেশের অন্যতম। প্রধানত রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের চাহিদা মেটানোর জন্য বিপুল পরিমাণ বস্ত্র আমদানি করতে হচ্ছে। আর প্রতিবছর এই আমদানি বেড়ে চলার কারণে বাংলাদেশ এখন বিশ্বের অষ্টম বৃহৎ বস্ত্র আমদানিকারক দেশ হয়ে উঠেছে।
বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সম্প্রতি প্রকাশিত ‘ইন্টারন্যাশনাল ট্রেড স্ট্যাটিসটিকস-২০১৩’ দলিল থেকে এসব তথ্য পাওয়া গেছে। এতে ২০১২ সালে বিশ্ববাণিজ্যের সামগ্রিক চিত্র তুলে ধরা হয়েছে, যার মধ্যে বস্ত্র আমদানি ও রপ্তানির বাজার পরিসংখ্যানও আছে।
এই পরিসংখ্যান থেকে দেখা যায়, ২০১২ সালে বিশ্ববাজার থেকে বাংলাদেশ ৫৮৪ কোটি ডলারের বস্ত্র আমদানি করেছে। এটি বিশ্বজুড়ে মোট আমদানির প্রায় ১ দশমিক ৯৩ শতাংশ।
আগের বছর অর্থাৎ ২০১১ সালে বিশ্ববাজার থেকে বাংলাদেশ প্রায় ৫৫৭ কোটি ডলারের বস্ত্র আমদানি করেছে। এটি বিশ্বজুড়ে মোট আমদানির ১ দশমিক ৮০ শতাংশ। আর সে বছর বস্ত্র আমদানিতে বাংলাদেশ ছিল ১১তম অবস্থানে। অন্যদিকে ২০১০ সালে বস্ত্র আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান ছিল নবম। কিন্তু সে বছর বাংলাদেশ বিশ্ববাজার থেকে প্রায় ৪৪৭ কোটি ডলারের বস্ত্র আমদানি করেছিল।
ডব্লিউটিওর পরিসংখ্যান থেকে দেখা যায়, বস্ত্র আমদানিতে শীর্ষে আছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তারা গত বছর মোট সাত হাজার ৪১১ কোটি ডলারের বস্ত্র আমদানি করেছে। বৈশ্বিক আমদানিতে যার অংশ ২৪ দশমিক ৫০ শতাংশ। অবশ্য এর আগের বছর মানে ২০১১ সালে আট হাজার ৪০০ কোটি ডলারের বস্ত্র আমদানি করেছিল। আর তখন বৈশ্বিক আমদানিতে হিস্যা ছিল ৩৫ দশমিক ১০ শতাংশ। ইউরোপে মন্দাজনিত প্রভাবে চাহিদা কমে যাওয়ায় এ অবস্থা দেখা দিয়েছে।
বস্ত্র আমদানিতে দ্বিতীয় অবস্থান যুক্তরাষ্ট্রের। আর তৃতীয় স্থানে আছে চীন। বিপরীতে বস্ত্র রপ্তানিতে শীর্ষে রয়েছে চীন। গত বছর দেশটি নয় হাজার ৫৪৫ কোটি ডলারের বস্ত্র রপ্তানি করেছে। এরপর আছে ইইউ। আর তৃতীয় স্থানে আছে ভারত। অবশ্য বস্ত্র আমদানিতে ভারতের অবস্থান ১৪তম। দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তান বস্ত্র রপ্তানিতে বিশ্বে নবম স্থানে রয়েছে। গত বছর দেশটি প্রায় ৮৭০ কোটি ডলারের বস্ত্রসামগ্রী রপ্তানি করেছে।
মূলত গত তিন বছরে বাংলাদেশের বস্ত্র আমদানি উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে ডব্লিউটিওর পরিসংখ্যান থেকে দেখা যায়। ২০০৯ সালে বস্ত্র আমদানির শীর্ষ ১৫ দেশের তালিকায় বাংলাদেশের নাম ছিল না। সে বছর বাংলাদেশ প্রায় ২৮৪ কোটি ডলারের বস্ত্র আমদানি করেছিল বলে ডব্লিউটিওর পরিসংখ্যান থেকে দেখা যায়।
এই খাতের সংশ্লিষ্ট ব্যবসায়ী-উদ্যোক্তারা জানান, বস্ত্র খাতে বড় ধরনের বিনিয়োগের প্রয়োজন হয়। আর বেশির ভাগ শিল্পোদ্যোক্তার পক্ষে এত বড় বিনিয়োগ করা কঠিন। সে জন্যই দেশীয়ভাবে বস্ত্রশিল্পের কারখানা কম। অন্যদিকে দেশের অভ্যন্তরে চাহিদা প্রতিনিয়তই বাড়ছে। সে জন্য আমদানিও বাড়াতে হচ্ছে।
যোগাযোগ করা হলে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) সভাপতি জাহাঙ্গীর আলামীন প্রথম আলোকে বলেন, ‘ওভেন পোশাকের চাহিদার প্রায় ৪০ শতাংশ বস্ত্রসামগ্রী আমরা দেশীয় উৎপাদন থেকে জোগান দিতে পারি। ফলে বাইরে থেকে বাকি ৬০ শতাংশ আমদানি করতে হয়। আর প্রতিবছর যেহেতু ওভেন পোশাকের রপ্তানি বাড়ছে, তাই বাড়ছে উৎপাদন ও চাহিদা। এই চাহিদা মেটাতে প্রতিবছরই আগের চেয়ে বেশি পরিমাণে বস্ত্র আমদানি করতে হচ্ছে। নিট খাত স্থানীয়ভাবে ৯০ শতাংশের বেশি মূল্য সংযোজন করে বলে তাদের দিক থেকে তেমন চাহিদা নেই।’
বাংলাদেশে বস্ত্র আমদানির বড় অংশ চীন থেকে আসে। পাকিস্তান থেকেও আমদানি করা হয়।
উদ্যোক্তারা জানান, ওভেন গার্মেন্টসের পশ্চাদ্মুখী সংযোগসহ পূর্ণাঙ্গ কারখানা তৈরি করতে হলে শত কোটি টাকার বিনিয়োগ প্রয়োজন। খুব কম উদ্যোক্তার পক্ষে এই বড় বিনিয়োগ করা সম্ভব। সে জন্যই দেশে এখনো এ ধরনের কারখানা বেশি গড়ে ওঠেনি। পশ্চাদ্মুখী সংযোগসহ পূর্ণাঙ্গ কারখানা স্থাপনে তাই বিদেশি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় উদ্যোক্তারা। কেননা, তাঁদের বড় পুঁজি, সক্ষমতা ও কারিগরি দক্ষতা আছে।’
আবার বস্ত্র তৈরির অন্যতম অপরিহার্য কাঁচামাল তুলার দেশীয় উৎপাদন ও সরবরাহ খুবই কম। তুলার সরবরাহ ঠিক না থাকলে সময়মতো সুতা প্রস্তুত করা সম্ভব নয়। সুতার ঘাটতি থাকলে বস্ত্রসামগ্রী প্রস্তুত করাও কঠিন। বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তুলা আমদানিকারক দেশ হলো বাংলাদেশ। মোট অভ্যন্তরীণ চাহিদার মাত্র ৩ শতাংশ দেশে উৎপাদিত তুলা থেকে মেটানো হয়। বাকি ৯৭ শতাংশ আমদানি করতে হয় বিশ্ববাজার থেকে। আর আমদানির জন্য বাংলাদেশের প্রধান দুই উৎস হলো ভারত ও উজবেকিস্তান। ২০১২ সালে বাংলাদেশ ৩৬ লাখ বেল তুলা আমদানি করেছিল। এ বছরও সমপরিমাণ তুলা আমদানি করা হবে বলে প্রাথমিকভাবে পূর্বাভাস দেওয়া হয়েছে।
অন্যদিকে গত বছর দেশে এক লাখ আট হাজার বেল তুলা উৎপাদিত হয়। এ বছর তা এক লাখ ২০ হাজার বেল হতে পারে।
ডব্লিউটিওর দলিল থেকে আরও দেখা যায়, বস্ত্র আমদানি যেমন বেড়েছে, তেমনি বস্ত্র রপ্তানিও কিছুটা বেড়েছে এই সময়কালে। ২০০৯ সালে প্রায় ৮৯ কোটি ডলারের বস্ত্র রপ্তানির পর ২০১০ সালে ১২৬ কোটি ডলারের আর ২০১১ সালে ১৫৯ কোটি ডলারের বস্ত্র রপ্তানি করেছে বাংলাদেশ। ২০১২ সালে তা ১৬৩ কোটি ৪০ লাখ ডলারে উন্নীত হয়েছে।