বস্ত্র আমদানিতে বিশ্বে বাংলাদেশ এখন ১১তম
বিশ্ববাজার থেকে বাংলাদেশের বস্ত্র (টেক্সটাইল) আমদানি বাড়ছে। মূলত রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের ওভেন পোশাকের চাহিদা মেটানোর জন্য বিপুল পরিমাণ বস্ত্র আমদানি করতে হচ্ছে। এর পাশাপাশি অভ্যন্তরীণ-ভাবে ব্যবহারের জন্যও বস্ত্র আমদানি করতে হচ্ছে। বিপুল পরিমাণ বস্ত্র আমদানির কারণে বাংলাদেশ এখন বিশ্বের ১১তম বৃহৎ বস্ত্র আমদানিকারক দেশ হয়ে উঠেছে।বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সম্প্রতি প্রকাশিত ‘ইন্টারন্যাশনাল ট্রেড স্ট্যাটিসটিকস-২০১২’ দলিল থেকে এসব তথ্য পাওয়া গেছে। এতে ২০১১ সালে বিশ্ববাণিজ্যের সামগ্রিক চিত্র তুলে ধরা হয়েছে, যার মধ্যে বস্ত্র আমদানি ও রপ্তানির বাজার পরিসংখ্যানও আছে। এতে দেখা যায়, ২০১১ সালে বিশ্ববাজার থেকে বাংলাদেশ প্রায় ৫৫৭ কোটি ডলারের বস্ত্র আমদানি করেছে। এটি বিশ্বজুড়ে মোট আমদানির ১ দশমিক ৮০ শতাংশ। তবে ২০১০ সালে বস্ত্র আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান ছিল নবম। সে বছর অবশ্য বিশ্ববাজার থেকে প্রায় ৪৪৭ কোটি ডলারের বস্ত্র আমদানি করেছিল বাংলাদেশ।ডব্লিউটিওর পরিসংখ্যান থেকে দেখা যায়, বস্ত্র আমদানিতে শীর্ষে আছে ইউরোপীয় ইউনিয়ন। তারা গত বছর মোট আট হাজার ৪০০ কোটি ডলারের বস্ত্র আমদানি করেছে। এর পরের অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্রের। আর তৃতীয় স্থানে আছে চীন। বিপরীতে বস্ত্র রপ্তানিতে শীর্ষে রয়েছে চীন। গত বছর দেশটি নয় হাজার ৪০০ কোটি ডলারের বস্ত্র রপ্তানি করেছে। এরপর আছে ইউরোপীয় ইউনিয়ন। আর তৃতীয় স্থানে আছে ভারত। অবশ্য বস্ত্র আমদানিতে শীর্ষ ১৫ দেশের মধ্যে ভারতের অবস্থান ১৫তম।দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তান বস্ত্র রপ্তানিতে বিশ্বে নবম স্থানে রয়েছে। গত বছর দেশটি প্রায় ৯০০ কোটি ডলারের বস্ত্রসামগ্রী রপ্তানি করেছে।মূলত গত দুই বছরে বাংলাদেশের বস্ত্র রপ্তানি উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে ডব্লিউটিওর পরিসংখ্যান থেকে দেখা যায়। ২০০৯ সালে বস্ত্র আমদানির শীর্ষ ১৫ দেশের তালিকায় বাংলাদেশের নাম ছিল না। সে বছর বাংলাদেশ প্রায় ২৮৪ কোটি ডলারের বস্ত্র আমদানি করেছিল বলে ডব্লিউটিওর পরিসংখ্যান থেকে দেখা যায়।এই খাতের সংশ্লিষ্ট ব্যবসায়ী-উদ্যোক্তারা জানান, বস্ত্র খাতে অনেক বড় ধরনের বিনিয়োগের প্রয়োজন হয়। আর বেশির ভাগ শিল্পোদ্যোক্তার পক্ষে এত বড় বিনিয়োগ করা কঠিন। সে জন্যই দেশীয়ভাবে বস্ত্রশিল্পের কারখানা কম। অন্যদিকে দেশের অভ্যন্তরে চাহিদা প্রতিনিয়তই বাড়ছে। সে জন্য আমদানিও বাড়াতে হচ্ছে।বাংলাদেশ রপ্তানিকারক সমিতির সভাপতি এবং বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি আবদুস সালাম মুর্শেদী এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ওভেন পোশাকের চাহিদার প্রায় ৭০ শতাংশ বস্ত্রসামগ্রী বাইরে থেকে আমদানি করতে হয়। বড় অংশ চীন থেকে আসে। পাকিস্তান থেকেও আমদানি করা হয়। দেশীয় উৎপাদন চাহিদার বড় অংশ জোগান দিতে পারে না বলেই আমদানি করতে হয়।মুর্শেদী ব্যাখ্যা করে বলেন, ‘ওভেন গার্মেন্টসের পশ্চাদমুখী সংযোগসহ পূর্ণাঙ্গ উৎপাদন কারখানা গড়ে তুলতে হলে ৫০০ থেকে ৬০০ কোটি টাকার বিশাল বিনিয়োগ প্রয়োজন। কিন্তু এত বড় বিনিয়োগ করা খুব কম উদ্যোক্তার পক্ষেই সম্ভব। মূলত সে কারণেই দেশে এখনো এ ধরনের কারখানা বেশি গড়ে উঠতে পারেনি। বড় বিনিয়োগের জন্য আমরা তাই বিদেশি বিনিয়োগকারীদের পশ্চাদমুখী সংযোগসহ পূর্ণাঙ্গ কারখানা স্থাপনের জন্য বলছি। কেননা, তাঁদের বড় পুঁজি আছে। আছে সক্ষমতা ও কারিগরি দক্ষতা।’সালাম মুর্শেদীর মতে, দেশে বেশ কিছু বস্ত্র কারখানা গড়ে উঠলেও নিজস্ব তুলার উৎপাদন ও সরবরাহ খুবই অপ্রতুল হওয়ায় এদিকে সহজে কেউ আগ্রহী হয় না। তুলার সরবরাহ ঠিক না থাকলে সময়মতো সুতা উৎপাদন করা যায় না। আর সুতার অভাব হলে বস্ত্রসামগ্রী প্রস্তুত করাও দুরূহ হয়ে পড়ে। তবে বিপুল পরিমাণ বস্ত্র আমদানির এই পরিসংখ্যানই বলে দেয় যে বাংলাদেশে এই খাতের বিশাল সম্ভাবনা আছে।বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সহসভাপতি মোহাম্মদ হাতেম প্রথম আলোকে বলেন, দেশে বস্ত্রের মূল চাহিদাটা আসে ওভেন গার্মেন্টস থেকে। সে জন্য এই খাতের উদ্যোক্তারা চীন, ভারতসহ বিভিন্ন দেশ থেকে বস্ত্র আমদানি করে থাকেন। তাই তাঁদের স্থানীয় মূল্য সংযোজনের হার তুলনামূলকভাবে কম। প্রায় ৪০ শতাংশের মতো। অন্যদিকে নিট খাতে ৯০ শতাংশেরই বেশি স্থানীয় মূল্য সংযোজন হয়ে থাকে।ডব্লিউটিওর দলিল থেকে আরও দেখা যায়, বস্ত্র আমদানি যেমন বেড়েছে, তেমনি বস্ত্র রপ্তানিও কিছুটা বেড়েছে এই সময়কালে। ২০০৯ সালে প্রায় ৮৯ কোটি ডলারের বস্ত্র রপ্তানির পর ২০১০ সালে ১২৬ কোটি ডলারের আর ২০১১ সালে ১৫৯ কোটি ডলারের বস্ত্র রপ্তানি করেছে বাংলাদেশ।