বস্ত্র ও পাট খাতের জন্য ৩৮২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে উন্নয়ন ও অনুন্নয়ন খাত মিলিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অনুকূলে ৩৮২ কোটি ৬৬ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।এ প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় বলেন, ‘বস্ত্র ও পাটশিল্পের সমন্বিত উন্নয়নের মাধ্যমে এ শিল্পকে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী করার উদ্যোগ নেবে সরকার। বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) সব ব্যাংক দায় ও অন্যান্য দেনা পরিশোধ করে পাট খাতকে চাঙা করার উদ্যোগ নেওয়া হবে।’অর্থমন্ত্রী আরও জানান, বস্ত্র খাতের ২৭৯টি রুগ্ণ শিল্পপ্রতিষ্ঠান ও পাটশিল্পের ৬৯টি রুগ্ণ প্রতিষ্ঠানের ঋণ অবসায়নের পদক্ষেপ গ্রহণ করা হবে। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ প্রয়োগ ও বাস্তবায়নের লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হবে এবং জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) উদ্যোগে ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।এ ছাড়া সব বন্ধ পাটকল চালু এবং লোকসানমুক্তভাবে পাটকলগুলো পরিচালনার পাশাপাশি পাটজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি ও পাট ক্রয়ের পরিমাণ বাড়ানো হবে বলেও অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় উল্লেখ করেন। প্রস্তাবিত বাজেটের আওতায় বস্ত্রশিল্পের বিকাশে ১০টি ভোকেশনাল ইনস্টিটিউট তথা বৃত্তিমূলক প্রতিষ্ঠান স্থাপন, পাবনা টেক্সটাইল ইনস্টিটিউট ও জোরারগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটকে ইঞ্জিনিয়ারিং কলেজে উন্নীতকরণ এবং বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।