বস্ত্র ও পোশাকশিল্প যন্ত্রপাতির সবচেয়ে বড় প্রদর্শনী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল বস্ত্র ও পোশাক খাতের যন্ত্রপাতির আন্তর্জাতিক প্রদর্শনীতে যন্ত্রপাতি দেখেন দর্শনার্থীরা l প্রথম আলো
ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল বস্ত্র ও পোশাক খাতের যন্ত্রপাতির আন্তর্জাতিক প্রদর্শনীতে যন্ত্রপাতি দেখেন দর্শনার্থীরা l প্রথম আলো

বিশালাকার মেশিন থেকে সুতার সঙ্গে সুতা পেঁচিয়ে তৈরি হচ্ছে সোয়েটার। সোয়েটারে সুতার বুনন কতটুকু নিখুঁত হলো সেটি দেখা হচ্ছে কম্পিউটারে। একইভাবে লক্ষ রাখা হচ্ছে সোয়েটারের নকশার দিকটিও। এভাবে প্রতি ঘণ্টায় তৈরি হচ্ছে ৪০-৬০টি সোয়েটার।
এমন দৃশ্যই চোখে পড়ে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার শুরু হওয়া ১৩তম ঢাকা আন্তর্জাতিক বস্ত্র ও তৈরি পোশাক খাতের যন্ত্রপাতির প্রদর্শনীতে (ডিটিজি)। শুধু সোয়েটার নয়, পোশাক তৈরিতে ব্যবহার হওয়া হাল আমলের যেকোনো যন্ত্রপাতি ও প্রযুক্তির দেখাও মিলবে পোশাক ও বস্ত্র খাতের দেশের সবচেয়ে বড় এই প্রদর্শনীতে। এতে এবার অংশ নিচ্ছে ৩৩টি দেশের বস্ত্র ও পোশাকশিল্পের যন্ত্রপাতির উৎপাদনকারী এক হাজার কোম্পানির ১ হাজার ১৬০টি স্টল।
আধুনিক প্রযুক্তির সঙ্গে দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের উদ্যোক্তাদের পরিচয় ঘটানো এবং স্থানীয়ভাবে তা কেনার সুযোগ দিতে প্রদর্শনীটির আয়োজন করা হয়েছে। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সঙ্গে তাইওয়ানের চ্যান চাও ইন্টারন্যাশনাল ও হংকংয়ের ইর্য়োকার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোম্পানি যৌথভাবে চার দিনব্যাপী এই প্রদর্শনীটির আয়োজক। প্রদর্শনীতে বস্ত্র ও পোশাকশিল্পের উদ্যোক্তারা স্পিনিং, উইভিং, ডায়িং-প্রিন্টিং-ফিনিশিং, টেস্টিং, ওয়াশিং, এমব্রয়ডারি, সেলাই প্রযুক্তি ও উন্নতমানের যন্ত্রপাতি সম্পর্কে জানতে পারবেন। এ প্রদর্শনীর উদ্বোধন করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।
জার্মানির বিশ্বখ্যাত স্টল ব্র্যান্ডের সোয়েটার তৈরির মেশিন মেলায় প্রদর্শন করছে ট্রাইকোটেক্স মেশিনারি লিমিটেড। ট্রাইকোটেক্সের কর্মকর্তা এমবি রহমান বিপ্লব জানান, দেশের বিভিন্ন সোয়েটার কারখানায় এ ব্র্যান্ডের ছয় হাজার মেশিন আছে। নতুন ক্রেতাদের সামনে এই মেশিন তুলে ধরতে তাঁরা মেলায় অংশ নিয়েছেন।
বৈদ্যুতিক জেনারেটর ও ফর্কলিফটের বিখ্যাত মার্কিন ব্র্যান্ড ক্যাটারপিলারের স্টলও চোখে পড়ে প্রদর্শনীতে। ক্যাটারপিলারের এদেশীয় পরিবেশক বাংলা ক্যাটের এক কর্মকর্তা জানান, নতুন ক্রেতাদের তথ্য দিতে ও পুরোনো ক্রেতাদের অভিজ্ঞতার কথা জানতেই তাঁরা মেলায় এসেছেন।
বস্ত্র ও পোশাক কারখানার আলোকসজ্জার সম্ভার এবং ডেনিম বা জিনস কাপড়ের বিভিন্ন নকশাও নিয়ে প্রদর্শনীতে এসেছে অ্যাড টেক্স সলিউশন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন জানান, ‘ডেনিমে বৈচিত্র্য ও ভিন্ন নকশার চাহিদা দিন দিন বাড়ছে। ডেনিমের দেশীয় নকশা তৈরিতে আমরা নিয়মিত গবেষণা করি। এর ফলে তৈরি কাপড়ের মান বাড়ছে, বিদেশি ক্রেতারাও ভালো দামে আমাদের পণ্য কিনছেন।’
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিটিএমএর ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) প্রথম সহসভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ।
প্রদর্শনী দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে, আর শেষ হবে আগামী রোববার।