বস্ত্র ও পোশাক খাতের তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী শেষ
ভালো সাড়া জাগিয়ে ঢাকায় বস্ত্র ও পোশাক খাতের তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী গতকাল শনিবার শেষ হয়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল ছিল চার দিনব্যাপী এই তিনটি প্রদর্শনীর শেষ দিন। শেষ দিনও বিপুলসংখ্যক দর্শনার্থী প্রদর্শনীগুলোয় আসেন এবং বিভিন্ন পণ্যের খোঁজখবর নেন।প্রদর্শনীতে গিয়ে দেখা যায়, বস্ত্র ও পোশাক খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশি ও বিদেশি বিভিন্ন স্টলে আধুনিক প্রযুক্তিসম্পন্ন যন্ত্রপাতি এবং বিভিন্ন পণ্যসামগ্রী ঘুরে ঘুরে দেখেন। অনেকে আবার নিজেদের প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও পণ্য সংগ্রহের জন্য ক্রয়াদেশ দিয়েছেন।বাংলাদেশের বস্ত্র ও পোশাকশিল্পে আধুনিক প্রযুক্তি আনয়ন ও গুণগত মান বৃদ্ধির লক্ষ্য নিয়ে গত বুধবার তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী একই সঙ্গে শুরু হয়।‘১২তম টেক্সটেক’, ‘৯ম ডাইকেম’ ও ‘৫ম ইয়ার্ন ও ফ্রেবিক শো’—এই তিন আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, চীনসহ ১৬টির বেশি দেশের ৪৫০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেয়। সেমস বাংলাদেশের সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সেমস গ্লোবাল-কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস এ প্রদর্শনীর আয়োজন করে।প্রদর্শনীতে এসেছিলেন ফকিরাপুলের রাহাতুন এক্সেসরিজের স্বত্বাধিকারী হাবিবুর রহমান। বিভিন্ন স্টল ঘুরে যাচাই-বাছাই করে তিনি একটি গ্রাফিকস ডিজাইন মেশিন কেনার সিদ্ধান্ত নেন।হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এই প্রদর্শনীর ফলে আমরা বিশ্ববাজারের চেয়ে কিছুটা কম দামে যন্ত্রপাতি কিনতে পারছি। জানতে পারছি নিত্যনতুন প্রযুক্তি সম্পর্কে।’ফ্যাশন ডিজাইনার জহিরুল ইসলাম অভিযোগ করেন, এখানে অনেক পণ্যের দাম বেশি। তাঁর মতে, এই প্রদর্শনী থেকে বোঝা যায়, বিভিন্ন যন্ত্রপাতি ও পণ্যে বাংলাদেশ কোনো অংশে পিছিয়ে নেই।প্রদর্শনীতে কম্পিউটারাইজড সেলাই মেশিন, এমব্রয়ডারি মেশিন, বোতাম, বেল্ট, থান কাপড়, সোয়েটার, সুতা, জ্যাকেট, জিন্স প্যান্ট, গার্মেন্টস ডায়িং মেশিন, লাইট বক্স, কালার রোটারি লেভেল প্রিন্টিং মেশিন, অটো স্টোন সেটিং মেশিন, লেজার কাটিং মেশিন, পেপার রেক, অটো টি-শার্ট প্রিন্টিং মেশিন ইত্যাদি স্থান পায়।শ্যামপুরের রানা এন্টারপ্রাইজের মহাব্যবস্থাপক মোহাম্মদ আলী প্রতিষ্ঠানের জন্য যন্ত্রপাতি দেখতে এসেছিলেন। তিনি জানান, বেশ কয়েকটি পণ্যের নমুনা নিয়েছেন। যাচাই-বাছাই করে অর্ডার করবেন।চীন থেকে আমদানি করা বস্ত্র উৎপাদক যন্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ দেশে বিক্রি করে মিরপুরের ওক ট্রেডিং ফোটন ইন্টারন্যাশনাল। প্রদর্শনীতে অংশ নেওয়া প্রতিষ্ঠানটির প্রকৌশলী জগদীশ চন্দ্র দাশ বলেন, ‘এবার ব্যাপক সাড়া পাওয়া গেছে। গত চার দিনে প্রায় দেড় কোটি টাকার অর্ডার পেয়েছি।’ন্যাশনাল মেশিনারি করপোরেশনের বিক্রয় প্রতিনিধি আল-আমীন অবশ্য জানান, বৃষ্টির কারণে এবার দর্শনার্থী এবং ক্রেতার সংখ্যা ছিল কম। তাই প্রত্যাশা অনুযায়ী অর্ডার মেলেনি। অনেক শিক্ষার্থীকে প্রদর্শনীতে দেখা যায়। টেক্সটাইল প্রকৌশলে অধ্যয়নরত শিক্ষার্থী শোভন মজুমদার বলেন, ‘পাঠ্যপুস্তকের পাশাপাশি আরও কিছু উন্নত প্রযুক্তি ও বিভিন্ন দেশের পণ্যসামগ্রীর সঙ্গে পরিচিত হতে এখানে এসেছি।’ আয়োজকেরা জানান, সেমস গ্লোবাল (ইউএসএ) গত ১২ বছর ধরে বাংলাদেশে টেক্সটেক আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করে আসছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৩৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানের কারণে গতকাল অবশ্য নির্ধারিত সময়ের সাড়ে পাঁচ ঘণ্টা আগেই প্রদর্শনীর সমাপ্তি টানা হয়।