বস্ত্র খাতের নতুন আরেক কোম্পানি ওয়া ওয়েল টেক্সটাইলসের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও আবেদন অনুমোদন করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গতকাল মঙ্গলবারের সভায় এই অনুমোদন দেওয়া হয়।
এ ছাড়া বিএসইসির গতকালের সভায় প্রিমিয়ার ব্যাংকের ২০০ কোটি টাকার অরূপান্তরযোগ্য বন্ড ছাড়ার আবেদনও অনুমোদন করা হয়।
বিএসইসি জানিয়েছে, ওয়া ওয়েল টেক্সটাইলস আইপিওতে দুই কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ২০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। ১০ টাকা অভিহিত মূল্যে প্রতিটি শেয়ার বিক্রি করা হবে। বাজার থেকে সংগৃহীত টাকায় কোম্পানিটি মেশিনারিজ, জমি ক্রয়, নতুন কারখানা ভবন নির্মাণসহ অন্যান্য কর্মকাণ্ড পরিচালনা করবে। ২০১৩ সালের জুনে সমাপ্ত আর্থিক বছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস দেখানো হয়েছে তিন টাকা ৬৬ পয়সা। আর শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য দেখানো হয়েছে ২৮ টাকা ২৫ পয়সা। কোম্পানিটির শেয়ারের ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট।
বিএসইসির গতকালের সভায় প্রিমিয়ার ব্যাংকের ২০০ কোটি টাকার অরূপান্তরযোগ্য ভেরিয়েবল কুপন রেট বন্ড অনুমোদন করা হয়। এই বন্ডের মেয়াদ হবে ইস্যু তারিখ থেকে পরবর্তী দুই বছর যা তিন বছরের জন্য নবায়ন করা যাবে। বিনিয়োগকারীরা বছর শেষে সাড়ে ১১ শতাংশ হারে সুদ পাবেন। প্রতিটি ইউনিটের মূল্য এক কোটি টাকা। অর্থাৎ ২০০ কোটি টাকা সংগ্রহে প্রিমিয়ার ব্যাংক এই বন্ডের ২০০ ইউনিট বাজারে ছাড়বে।
বিএসইসি আরও জানিয়েছে, ব্যাংকটির বিদ্যমান শেয়ারধারী বাদে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটির ইউনিট বিক্রি করা হবে। সংগৃহীত টাকায় ব্যাংকটির মূলধন চাহিদা পূরণ করা হবে। বন্ডটির ব্যবস্থাপক বা আয়োজনকারীর দায়িত্বে রয়েছে রেইস পোর্টফোলিও অ্যান্ড ইস্যু ম্যানেজমেন্ট এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ।
এদিকে গতকাল থেকে দেশের শেয়ারবাজারে অ্যাপোলো ইস্পাতের লেনদেন শুরু হয়েছে। প্রথম দিনেই কোম্পানিটির প্রতিটি শেয়ারের ৭৬ শতাংশ বা ১৬ টাকা ৮০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৯ টাকায়। আইপিওতে কোম্পানিটির প্রতিটি শেয়ার ২২ টাকায় বিক্রি করা হয়েছিল। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অ্যাপোলো ইস্পাতের প্রায় ৭১ কোটি টাকা শেয়ার লেনদেন হয়।
নতুন কোম্পানির শেয়ার লেনদেনকে ঘিরে মঙ্গলবারও ডিএসইর সদস্যভুক্ত বিভিন্ন ব্রোকারেজ হাউসে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এর ফলে লেনদেনের প্রক্রিয়াও ব্যাহত হয়।