বস্ত্র খাতে বিনিয়োগ বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে বস্ত্রকলমালিকদের সংগঠন বিটিএমএর  সভাপতি তপন চৌধুরীসহ অন্যরা l প্রথম আলো
সংবাদ সম্মেলনে বস্ত্রকলমালিকদের সংগঠন বিটিএমএর সভাপতি তপন চৌধুরীসহ অন্যরা l প্রথম আলো

দেশে বস্ত্র খাতে গত ২০১৪-১৫ অর্থবছরে ৭ হাজার ১১৯ কোটি টাকার মূলধনি যন্ত্রপাতি আমদানি হয়েছে। ২০১৩-১৪ অর্থবছরে আমদানি হয়েছিল ৫ হাজার ৬৩ কোটি টাকার যন্ত্রপাতি। তার মানে, গত অর্থবছর বস্ত্র খাতে বিনিয়োগ বেড়েছে ৪০ দশমিক ৬০ শতাংশ।
এটিই দেশের বস্ত্র খাতের ইতিহাসে সর্বোচ্চ বিনিয়োগ—এমনটাই জানালেন বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএর সভাপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা তপন চৌধুরী। ১৩তম ঢাকা ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস মেশিনারি এক্সিবিশন (ডিটিজি) উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ঢাকার পান্থপথে বিটিএমএর কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
তপন চৌধুরী বলেছেন, বস্ত্র খাতের প্রবৃদ্ধি গ্যাস ও বিদ্যুতের ওপর নির্ভর করে। বস্ত্রকল চালাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দরকার। সেটি এখনো নিশ্চিত করা যায়নি। অন্য কলকারখানার মতো জেনারেটর দিয়ে স্পিনিং মিল চালানো যায় না। কারণ, এখানে ১০-১৫ মেগাওয়াট বিদ্যুৎ লাগে। তবে বিদ্যুৎ উৎপাদনের জন্য নতুন করে ক্যাপটিভ জেনারেটর অনুমোদন না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকার যদিও বলেছে, দুই বছরের মধ্যে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হয়ে যাবে।
বস্ত্র খাতে বিনিয়োগ বাড়লেও নতুন করে কেউ বিনিয়োগ করছেন না বলে উল্লেখ করেন বিটিএমএর সভাপতি। তিনি বলেন, ‘নতুনদের ব্যবসায় আসাটা কঠিন হয়ে যাচ্ছে। কারণ, গ্যাস, বিদ্যুৎ ও জমি পাওয়া খুবই কষ্টকর। সরকার বলছে, বিশেষ অর্থনৈতিক অঞ্চল করে দেবে। দিলে তো ভালো। তবে এটি খুবই চ্যালেঞ্জিং।’
গত ডিসেম্বরে কেন্দ্রীয় ব্যাংক এক প্রজ্ঞাপনে বলেছে, ২০ শতাংশ তুলা ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে বস্ত্রকল মালিকদের পানগাঁও কনটেইনার টার্মিনাল ব্যবহার করতে হবে। এ বিষয়ে বিটিএমএর সভাপতি বলেন, ‘আমরা এটিকে বাধ্যতামূলক না করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ করেছি। এটি হলে সদস্যদের জন্য দুর্ভোগ হবে। অনেক ঝামেলার ব্যাপার আছে।’
সম্ভাবনার কথাও বলেছেন তপন চৌধুরী। তিনি বলেন, ‘নানা সমস্যার মধ্যেও দেশের বস্ত্র ও পোশাক খাত এগিয়ে গেছে। দর-কষাকষিসহ কিছু বিষয়ে দুর্বলতা থাকলেও বিশ্ব বাজারের প্রতিযোগিতায় আমরা ভালোভাবেই উতরে যাচ্ছি।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, বস্ত্র ও পোশাক খাতের যন্ত্রপাতির আন্তর্জাতিক প্রদর্শনী ডিটিজি কাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হবে। এতে বিশ্বের ৩৩ দেশের বস্ত্র ও পোশাকশিল্পের যন্ত্রপাতির উৎপাদনকারী এক হাজার কোম্পানি অংশ নেবে। স্টল থাকছে ১ হাজার ১৬০টি। চার দিনব্যাপী এই প্রদর্শনী যৌথভাবে আয়োজন করছে বিটিএমএ, তাইওয়ানের চ্যান চাও ইন্টারন্যাশনাল এবং হংকংয়ের ইয়োর্কার্স ট্রেড মার্কেটিং সার্ভিস কোম্পানি।
তপন চৌধুরী বলেন, প্রদর্শনীর মাধ্যমে বস্ত্র ও পোশাকশিল্পের প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা স্পিনিং, উইভিং, ডায়িং-প্রিন্টিং-ফিনিশিং টেস্টিং, ওয়াশিং, এমব্রয়ডারি, সেলাইয়ে সর্বশেষ প্রযুক্তি ও উন্নতমানের যন্ত্রপাতি সম্পর্কে জানতে পারবেন। প্রয়োজনে মেলা প্রাঙ্গণ থেকে কিনতেও পারবেন। গত বছর ডিটিজিতে ২২ কোটি ডলারের যন্ত্রপাতি বিক্রি হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিটিএমএর সহসভাপতি ফজলুল হক, পরিচালক মনির হোসেন, মোহাম্মদ খোরশেদ আলম, জামালউদ্দিন, চ্যান চাও ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুডি ওয়াং প্রমুখ।