বস্ত্র-পোশাকশিল্প যন্ত্রপাতির প্রদর্শনী জমে উঠেছে

জার্মান মেশিন, জাপানি প্রযুক্তি ও চীনা কাঁচামালের পসরা সাজিয়ে বসা দেশি-বিদেশি ব্যবসায়ী আর স্থানীয় উদ্যোক্তাদের মিলনমেলা হয়ে উঠেছে ১৩তম ঢাকা আন্তর্জাতিক বস্ত্র ও তৈরি পোশাকশিল্প যন্ত্রপাতির প্রদর্শনী (ডিটিজি)। রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এখন চলছে চার দিনের এই প্রদর্শনী।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) গিজগিজে ভিড় ঠেলে গতকাল শনিবার বিআইসিসি প্রাঙ্গণে ঢুকতেই চোখে পড়ে ক্রেতা-বিক্রেতার এই সম্মিলন। পোশাক তৈরিতে প্রয়োজনীয় সুতা থেকে শুরু করে কাপড় কাটার বিশালাকায় যন্ত্র—সবকিছুরই দেখা মিলছে প্রদর্শনীতে। পোশাক খাতের উদ্যোক্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের বিদেশি প্রতিনিধি, বস্ত্র প্রকৌশলী—সবাই নিজেদের প্রয়োজনীয় পণ্যটি কিনতে বা দেখতে এসেছেন প্রদর্শনীতে।
প্রদর্শনীতে কথা হয় একটি নিট পোশাক কারখানার উদ্যোক্তা গোলাম রব্বানীর সঙ্গে। কারখানার কর্মকর্তাদের নিয়ে মেলায় এসেছেন তিনি। জানতে চাইলে বলেন, ‘বিদেশে মেলা হলে কারখানার সবাইকে নিয়ে যাওয়া সম্ভব হয় না, দেশে হওয়ায় তাঁদের এনে দেখানো যাচ্ছে। এতে আমাদের সবারই উপকার হচ্ছে। আর যেসব যন্ত্রপাতি দেখার উদ্দেশ্যে এখানে আসা তার সব কটিই পেয়েছি, আমি সন্তুষ্ট।’
ইতালির এফকে ব্র্যান্ডের কাটিং মেশিন প্রদর্শনীতে নিয়ে এসেছে উইনটেক্স রিসোর্সেস নামের একটি প্রতিষ্ঠান। উইনটেক্সের প্রধান নির্বাহী ফারুক হোসেন সরকার জানালেন, পলিয়েস্টার ও ডেনিমসহ যেকোনো কাপড় নিখুঁতভাবে কাটার জন্য সারা বিশ্বেই জনপ্রিয় একটি ব্র্যান্ড এফকে। সম্পূর্ণ কম্পিউটার-নিয়ন্ত্রিত এই যন্ত্র দিয়ে সারা দিনে যে পরিমাণ কাপড় কাটা সম্ভব, সেটি করতে দরকার কমপক্ষে ৬০ জন মানুষ।
জার্মানির সিমেন্সের কারিগরি সাহায্যে তৈরি ইতালীয় এই যন্ত্রের আরেকটি বিশেষত্ব হলো, এটি স্বল্প মাত্রায় কার্বন নিঃসরণ করে। পরিবেশবান্ধব কারখানার কাপড় কাটার চাহিদা এফকের এই মেশিন দিয়ে পূরণ করা সম্ভব বলে জানালেন প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা সার্জিও গোরি।
শতভাগ তুলার তৈরি কটন ফেব্রিকস নিয়ে চীন থেকে প্রদর্শনীতে এসেছে শিজিওঝুয়াং কাংদা টেক্সটাইল কোম্পানি। প্রতিষ্ঠানটির কর্মকর্তা জ্যাক ওয়াং বলেন, ‘তৃতীয়বারের মতো বাংলাদেশের এই প্রদর্শনীতে অংশ নিচ্ছি আমরা। তুলনামূলক কম দামে ভালো কাপড় আমরা ক্রেতাদের দিই।’ বিভিন্ন কারখানার মালিক, মধ্যস্থতাকারী তাঁদের স্টলে আসছেন বলে জানান তিনি।
তৈরি হওয়া বিভিন্ন পোশাক ও কাপড় পরিষ্কার করার বিভিন্ন আকারের ওয়াশিং মেশিন প্রদর্শনীতে নিয়ে এসেছে ইতালীয় প্রতিষ্ঠান অ্যাভানটেক। প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানালেন, এর মধ্যে ১০ লাখ মার্কিন ডলারের পণ্যের ক্রয়াদেশ পেয়েছে তাঁর প্রতিষ্ঠান। এ ছাড়া আগ্রহী অনেক প্রতিষ্ঠানই তাঁদের ওয়াশিং মেশিন সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন বলে জানা গেল।
দেশীয় প্রতিষ্ঠান প্রাইম এশিয়া স্টলে দেখা গেল তৈরি কাপড় স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করার একটি যন্ত্র। প্রতিষ্ঠানটি সুইডেন থেকে সরাসরি ইটন ব্র্যান্ডের এই যন্ত্রটি আমদানি করছে। শ্রমিকের তৈরি করা কাপড় সবচেয়ে কম সময়ে সরবরাহ-ব্যবস্থার পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে এই যন্ত্র খুবই কার্যকর বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক ইসমাইল এম মারুফ।
সুতা ও কাপড় তৈরিতে প্রয়োজন হয় জলীয় বাষ্পের। এই বাষ্প সঠিক চাপ ও মাত্রায় সরবরাহ করতে ব্যবহার হয় ইন্ডাস্ট্রিয়াল ভালভের। বিভিন্ন আকারের এমন ভালভ প্রদর্শনীতে নিয়ে এসেছে ইয়োশিতাকে ইনকরপোরেশন নামের একটি জাপানি প্রতিষ্ঠান। ইয়োশিতাকের দেশীয় পরিবেশক এস কে ট্রেডার্সের এক কর্মকর্তা জানালেন, বাণিজ্য মেলার কারণে প্রচুর দর্শনার্থীর সমাগম ঘটছে। তবে প্রকৃত দর্শনার্থী আসছেন কম।
চীনের ফংস ব্র্যান্ডের নিট ডায়িং মেশিন বা রং করার যন্ত্র নিয়ে এসেছে প্যাসিফিক অ্যাসোসিয়েটস। প্রতিষ্ঠানটির প্রকৌশলী ফয়জুল হাসান জানান, নিট কাপড় রং করার জন্য বাংলাদেশে জনপ্রিয় একটি ব্র্যান্ড ফংস। মেলায় ইতিমধ্যে ছয়টি ডায়িং মেশিন বিক্রির ক্রয়াদেশ পাওয়ার কথা জানালেন তিনি। রং করার যন্ত্রের পাশাপাশি জার্মানির সিমাসিকি ব্র্যান্ডের যন্ত্রপাতিও মেলায় প্রদর্শন করছে প্যাসিফিক অ্যাসোসিয়েটস।
আধুনিক প্রযুক্তির সঙ্গে দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের উদ্যোক্তাদের পরিচয় ঘটানো এবং স্থানীয়ভাবে তা বিক্রির লক্ষ্য নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বাংলাদেশ টেক্সটাইল মিলন অ্যাসোসিয়েশন (বিটিএমএ), তাইওয়ানের চ্যান চাও ইন্টারন্যাশনাল ও হংকংয়ের ইয়োর্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোম্পানি যৌথভাবে চার দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজক। দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনী আজ রোববার শেষ হবে।