বহাল থাকছেন স্টক এক্সচেঞ্জের দুই সভাপতি
স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথককরণ (ডিমিউচুয়ালাইজেশন) কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে প্রথম পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে বর্তমান সভাপতিকে দায়িত্ব পালনের অনুমতি দিয়েছেন অর্থমন্ত্রী। ২১ অক্টোবর পাঠানো মন্ত্রীর এই মতামতসংবলিত চিঠিটি আজ বুধবার দুই স্টক এক্সচেঞ্জের কাছে হস্তান্তর করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
অর্থমন্ত্রী এক চিঠির মাধ্যমে জানিয়েছেন, ‘নতুন পর্ষদ গঠিত না হওয়া পর্যন্ত বর্তমান পর্ষদ চলবে। নতুন পর্ষদের চেয়ারম্যানই হবেন স্বতন্ত্র কোনো পরিচালক।’ আইনমন্ত্রীর সঙ্গে আলোচনা করে অর্থমন্ত্রী এই মতামত দিয়েছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়।
এর আগে ১৩ অক্টোবর স্টক এক্সচেঞ্জের প্রথম পর্ষদ গঠনের বিষয়ে আইনগত ব্যাখ্যা দিয়েছিল অর্থ মন্ত্রণালয়। তাতে প্রথম পর্ষদ হিসেবে বর্তমান পর্ষদকে বহাল রাখার পক্ষে মত দেয় মন্ত্রণালয়। সে সঙ্গে বলা হয়েছিল, প্রথম পর্ষদের সভাপতি হবেন একজন স্বতন্ত্র পরিচালক। আইনগত ওই ব্যাখ্যা দেওয়ার ১০ দিনের মাথায় আজ অবস্থান বদল করল মন্ত্রণালয়। এবার অর্থমন্ত্রী জানিয়েছেন, বর্তমান সভাপতি প্রথম পর্ষদের সভাপতির দায়িত্ব পালন করতে পারবেন।
এর আগে ডিমিউচুয়ালাইজড স্টক এক্সচেঞ্জের প্রথম পরিচালনা পর্ষদ গঠন নিয়ে জটিলতা দেখা দেয়। এরই পরিপ্রেক্ষিতে বিএসইসি এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে আইন মন্ত্রণালয়ের কাছে আইনগত ব্যাখ্যা চায়। এর পরিপ্রেক্ষিতে ১৩ অক্টোবর অর্থ মন্ত্রণালয় থেকে জটিলতা নিরসন-সংক্রান্ত ব্যাখ্যা পাঠানো হয়।
মন্ত্রণালয়ের ব্যাখ্যায় বলা হয়েছিল, ‘বর্তমান পর্ষদ ডিমিউচুয়ালাইজেশনের তারিখ থেকে ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করবে এবং আইনের ধারা ৯(৩) অনুযায়ী গঠিত পর্ষদের হাতে দায়িত্ব হস্তান্তর করা পর্যন্ত প্রথম পর্ষদ হিসেবে দায়িত্ব পালন করতে থাকবে। স্বতন্ত্র পরিচালকদের মধ্য থেকে ডিমিউচুয়ালাইজড এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।’