বহির্নোঙরে বিকল জাহাজের পণ্য আসছে এক মাস পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বিকল হয়ে পড়া জাহাজটিতে আমদানি করা পণ্য প্রায় ৩৫ দিন পর হাতে পেতে যাচ্ছেন আমদানিকারকেরা। দেরি হওয়ার কারণে এই জাহাজের মাধ্যমে যেসব পোশাক শিল্পপ্রতিষ্ঠান কাঁচামাল বা কাপড় আমদানি করেছে, তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে বলে জানিয়েছেন বিজিএমইএ নেতারা।

জাহাজটি পরিচালনাকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বলেন, গত ২৮ আগস্ট বন্দর জেটিতে ভেড়ার আগে বহির্নোঙরে দুর্ঘটনায় পড়ে এমভি ইউনি প্রুডেন্ট। এতে জাহাজের প্রপেলার (পাখা) নষ্ট হয়ে যায়। জাহাজে ৭৫৯টি কনটেইনারে ১১০টি পোশাক শিল্পপ্রতিষ্ঠানের কাঁচামালসহ ৪০৪টি প্রতিষ্ঠানের পণ্য ছিল। বিকল জাহাজটি বন্দরের জেটিতে ভেড়ানোর সুযোগ না থাকায় আরেকটি সাহায্যকারী জলযানের মাধ্যমে টেনে মালয়েশিয়ার তানজুং পেলেপাস বন্দরে নেওয়া হয়। পরে ওই বন্দরে বিকল জাহাজ থেকে পণ্যভর্তি কনটেইনার স্থানান্তর করে চট্টগ্রামমুখী এমভি বাহামিয়ান এক্সপ্রেস জাহাজে তুলে দেওয়া হয়। জাহাজটি আজ মঙ্গলবার বন্দরে আসার কথা।

জাহাজটির স্থানীয় প্রতিনিধি বারিধি শিপিং লাইনস লিমিটেডের পরিচালক আলী আশরাফ আহমেদ খান গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, বিকল জাহাজের ৭৫৯টি কনটেইনারের মধ্যে এমভি বাহামিয়ান এক্সপ্রেস জাহাজটি ৭২৬টি কনটেইনার নিয়ে আসছে। বাকি ৩৩টি কনটেইনার অন্য একটি জাহাজে তুলে দেওয়া হবে, যা আগামী সপ্তাহে বন্দরে আসার কথা।

কাস্টমস সূত্র জানায়, বিকল জাহাজের পণ্য মালয়েশিয়ায় নিয়ে আরেকটি জাহাজে ফেরত আনায় জাহাজের কাস্টমস নিবন্ধন নম্বর নিয়ে জটিলতা তৈরি হয়েছে। কারণ, অনেক আমদানিকারক জাহাজটির পণ্য খালাসের জন্য দালিলিক প্রক্রিয়া প্রায় গুছিয়ে এনেছিলেন। এখন বাহামিয়ান এক্সপ্রেস জাহাজের নিবন্ধন নম্বর ভিন্ন হলে পণ্য খালাসের সব প্রক্রিয়া আবার নতুন করে শুরু করতে হবে। এতে করে পণ্য হাতে পেতে আরও সময় লেগে যাবে।

এ বিষয়ে জানতে চাইলে কাস্টমসের যুগ্ম কমিশনার রেজাউল হক গতকাল প্রথম আলোকে বলেন, একই পণ্য থাকায় ইউনি প্রুডেন্ট জাহাজের নিবন্ধন নম্বর ও বাহামিয়ান এক্সপ্রেস জাহাজের নিবন্ধন নম্বর একই রাখার চেষ্টা করা হচ্ছে। এ জন্য জাতীয় রাজস্ব বোর্ডের কাছে নির্দেশনা চাওয়া হয়েছে। একই নম্বর রাখা হলে আমদানিকারকেরা দ্রুত পণ্য খালাস করতে পারবেন। তবে ফেরত না আনা ৩৩ কনটেইনারের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

নিয়মানুযায়ী, কোনো জাহাজ বন্দর জেটিতে ভেড়ানোর অন্তত ২৪ ঘণ্টা আগে কাস্টমস থেকে সংশ্লিষ্ট জাহাজের জন্য নিবন্ধন নম্বর নিতে হয়। এ জন্য জাহাজ কোম্পানিগুলো কাস্টমসে এই নিবন্ধনের জন্য আবেদন করেন। নিবন্ধন নম্বর পাওয়ার পরই জাহাজ জেটিতে ভেড়ানোর প্রক্রিয়া ও পণ্য খালাসের প্রাথমিক কাজ শুরু করা যায়।

বিজিএমইএর বন্দর ও জাহাজীকরণবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, ‘দেরি হওয়ায় এমনিতেই বড় ক্ষতি হয়ে গেছে আমাদের পোশাক শিল্পপ্রতিষ্ঠানগুলোর। এখন ফেরত আনা জাহাজটির নিবন্ধন নম্বর নতুন করে দেওয়া হলে পণ্য খালাসে আরও সময় লেগে যাবে।’ তিনি বলেন, কাঁচামাল হাতে পেতে দেরি হওয়ায় সংশ্লিষ্ট সব পোশাক শিল্পপ্রতিষ্ঠান বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। এখন কাঁচামাল নিয়ে পণ্য তৈরি করে বিমানে রপ্তানি করা ছাড়া বিকল্প নেই।