বহু মুদ্রা বিনিময়ের সুবিধা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ৯৯ শতাংশ পণ্য আমদানি-রপ্তানি মার্কিন ডলারে হয়ে থাকে। তবে ডলারের বিপরীতে বর্তমানে টাকা শক্তিশালী হওয়ায় শুধু গত বছরই ৩৮ কোটি ডলারের ক্ষতি হয়েছে। এ কারণে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বহু মুদ্রা বিনিময়ের সুবিধা চেয়েছেন রপ্তানিকারকেরা।
ঢাকায় বিজিএমইএ কার্যালয়ে গতকাল মঙ্গলবার এক সেমিনারে তৈরি পোশাকশিল্প মালিকেরা এ সুবিধা চেয়েছেন। বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম ও অর্থনৈতিক উপদেষ্টা মো. আখতারুজ্জামান, বিজিএমইএর উপদেষ্টা মামুন রশীদ প্রমুখ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্লোবাল কারেন্সি ইউনিয়নের জেসপার টফট।
সেমিনারে বলা হয়, বহু মুদ্রা বিনিময় হচ্ছে ডলারের পাশাপাশি অন্য প্রধান প্রধান আমদানি ও রপ্তানিকারক দেশের মুদ্রার মাধ্যমে পণ্য বেচাকেনার সুযোগ। অবশ্য বর্তমানে বিশ্বের কোনো দেশে এই ধারণাটি প্রচলিত নেই। বিষয়টি নিয়ে গ্লোবাল কারেন্সি ইউনিয়ন ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে গত দুই বছরে একাধিক সভা হয়েছে।
জেসপার টফট বলেন, বাংলাদেশের আমদানি–রপ্তানির ৯ দশমিক ১৫ শতাংশের অংশীদার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু ডলারের ওঠানামায় বাকি ৯১ শতাংশ আমদানি রপ্তানি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি ডলারনির্ভর মুদ্রার ঝুঁকিকে বহু মুদ্রায় রূপান্তরের একটি কাঠামো দাঁড় করানোর পরামর্শ দেন। তবে সেমিনারে উপস্থিত একাধিক ব্যাংকার বলেন, বহু মুদ্রা বিনিময় সুবিধা চালু করার আগে এটির ঝুঁকি ব্যবস্থাপনার দিকটি ভালোভাবে পর্যবেক্ষণ করা দরকার।