বহুজাতিক কোম্পানির কর ফাঁকি ঠেকানোর কাজ শুরু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুজাতিক কোম্পানিগুলোর কর ফাঁকি ঠেকাতে ‘ট্রান্সফার প্রাইসিং সেল’ গত তিন বছরেও কার্যকর হয়নি। ২০১২-১৩ অর্থবছরের বাজেট ঘোষণার সময় ট্রান্সফার প্রাইসিং বা মূল্য লুকোচুরি করে অর্থ পাচার ঠেকানো কৌশল নির্ধারণে সেল গঠন করতে আয়কর অধ্যাদেশে বেশ কয়েকটি ধারা সংযোজন করা হয়। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ আয়কর অধ্যাদেশে এ সংশোধনের উদ্যোগ নিয়েছিল। কিন্তু সংস্থাটির এ সেল এখনো পুরোপুরি কাজ শুরু করতে পারেনি।
ফলে কর ফাঁকি ঠেকানোর কাজটিও আটকে আছে। অবশ্য সম্প্রতি সাতজন কর কর্মকর্তাকে নতুন করে এ সেলের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন করে এ সেলের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) যুগ্ম কমিশনার এ কে এম আতিকুল হককে।
প্রসঙ্গত, বহুজাতিক কোম্পানিগুলো কর ফাঁকি দিয়ে নিজেদের এক প্রতিষ্ঠান থেকে অর্থ অন্য দেশে অবস্থিত সহযোগী প্রতিষ্ঠানে নিয়ে যায়। সাধারণত যেসব দেশে করহার বেশি সেসব দেশের প্রতিষ্ঠান থেকে নানা কৌশলে অর্থ করহার কম এমন দেশের সহযোগী প্রতিষ্ঠানে নেওয়া হয়। এতে বহুজাতিক প্রতিষ্ঠানের আয় বাড়ে, কিন্তু কর কম দিতে হয়। এটা একধরনের অর্থ পাচার। এতে প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত হয় করহার বেশি এমন দেশগুলো। এভাবে বিশ্বজুড়েই বহু বহুজাতিক কোম্পানি কর এড়িয়ে যায় বা কর ফাঁকি দেয় বলে অভিযোগ রয়েছে। এ কাজে কোম্পানিগুলো বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন কৌশল নেয়।
বাংলাদেশে কাজ করছে এমন অনেক বহুজাতিক কোম্পানি দীর্ঘদিন ধরে একই প্রক্রিয়ায় কর ফাঁকি দিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। অন্য দেশের তুলনায় বাংলাদেশে কর তুলনামূলক বেশি।
এনবিআরের একজন উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, গত তিন বছর ছিল এনবিআরের প্রস্তুতিমূলক পর্ব। এ সময়ে এনবিআরের কর্মকর্তারা কীভাবে কাজ করবেন, এর কর্মপরিকল্পনা ঠিক করেছে। কয়েকজন কর্মকর্তাকে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও মরক্কোতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
অবশ্য এনবিআরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ এ প্রতিবেদককে বলেন, ট্রান্সফার প্রাইসিং ব্যবস্থা সফল করা খুবই কঠিন হবে। কেননা, এনবিআরের সেই দক্ষ জনবল নেই। তাঁর মতে, পণ্যের দামের মিথ্যা ঘোষণা দিয়ে অর্থ বিদেশে পাচারের বিষয়টি এনবিআরের একার পক্ষে ধরা সম্ভব নয়। এ জন্য বাংলাদেশ ব্যাংকের বিস্তৃত সহায়তা দরকার, সমন্বয় দরকার। কেননা, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়েই বহুজাতিক প্রতিষ্ঠানগুলো বিদেশে অর্থ পাঠিয়ে থাকে।
এনবিআর যা করবে: কোনো বহুজাতিক প্রতিষ্ঠানের আন্তর্জাতিক লেনদেন যদি বছরে তিন কোটি টাকার বেশি হয়, তবে সে প্রতিষ্ঠানকে নজরদারি করবে এনবিআরের ট্রান্সফার প্রাইসিং সেল। তিন কোটি টাকার বেশি লেনদেন হলে ওই প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট তথ্য, দলিলাদি সংরক্ষণ করতে হবে। এমনকি বিদেশের সহযোগী প্রতিষ্ঠানের ব্যবসার ধরনসহ যাবতীয় তথ্য সংরক্ষণ করতে হবে। ওই প্রতিষ্ঠানটি প্রকৃত দাম দিয়েই পণ্য আমদানি করেছে কি না, তা বছর শেষে যাচাই-বাছাই করবে এনবিআর। প্রতিষ্ঠানটি যে পণ্য আমদানি করেছে সেই পণ্যের ‘আর্মস লেন্থ প্রাইস’ বা বাজারমূল্য নির্ধারণ করবেন কর কর্মকর্তারা। সেটাকে ধরেই পণ্যের শুল্কায়ন করা হবে।
উদাহরণ দিয়ে বলা যেতে পারে, কোনো একটি কোম্পানি বিদেশ থেকে অন্য একটি কোম্পানির কাছ থেকে ২০০ টাকা দরে পণ্য আমদানি করল। সেই পণ্যের দাম নির্ধারণ করতে একই ধরনের পণ্য অন্য প্রতিষ্ঠান কত টাকা দর দিয়ে আমদানি করে কিংবা একই ধরনের পণ্যের দাম আন্তর্জাতিক বাজারে কত, সেটাই আর্মস লেন্থ প্রাইস বা বাজারমূল্য।
ধরা যাক, কোনো প্রতিষ্ঠান আর্মস লেন্থ প্রাইসের চেয়ে ১০০ টাকা বেশি দামে পণ্য আমদানি করল। সেটা ট্রান্সফার প্রাইসিং সেল কর্মকর্তারা ধরে ফেললেন। তাহলে ওই ১০০ টাকার ওপর বাড়তি করারোপ করবেন কর কর্মকর্তারা। এ ছাড়া জরিমানার ক্ষমতাও দেওয়া হয়েছে কর কর্মকর্তাদের।
তবে আগামী জুলাই মাস থেকে শুরু হওয়া ট্রান্সফার প্রাইসিং সেলটি সীমিত পরিসরে কাজ করবে। প্রাথমিকভাবে দৈবচয়ন ভিত্তিতে কিছু বহুজাতিক প্রতিষ্ঠানের আন্তর্জাতিক লেনদেনের হিসাব নিয়ে কাজ করবে এই সেলটি। পর্যায়ক্রমে এর পরিধি বাড়ানো হবে।
পণ্য রপ্তানির নামে বিদেশে টাকা পাচার হলে সেটা ধরতেও কাজ করবে ট্রান্সফার প্রাইসিং সেল। সে ক্ষেত্রে আর্মস লেন্থ প্রাইস নির্ধারণ পদ্ধতি অনুসরণ করবে তারা।