টানা কয়েক দিন মূল্যবৃদ্ধির পর গতকাল রোববার শেয়ারবাজারে বহুজাতিক কোম্পানিগুলোর অধিকাংশেরই দরপতন ঘটেছে। এর মধ্যে বাটা শু, বিএটিবিসি, গ্ল্যাক্সোস্মিথক্লাইন, আরএকে সিরামিকস, ম্যারিকো ও গ্রামীণফোন উল্লেখযোগ্য।তবে এই দিন বহুজাতিক কোম্পানিগুলোর মধ্যে বার্জার পেইন্টসের দাম সামান্য বেড়েছে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, শেয়ারবাজারে তালিকাভুক্ত ভালো মৌলভিত্তির কোম্পানিগুলোকে নিয়ে আলাদা শ্রেণী বা ক্যাটাগরি হবে—এমন খবরে কয়েক দিন ধরে বহুজাতিক কোম্পানিগুলোর মূল্য বৃদ্ধি পেয়েছিল। এখনো পর্যন্ত অবশ্য ভালো কোম্পানিগুলোর জন্য আলাদা কোনো শ্রেণী করার সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পক্ষ থেকে সম্প্রতি বেশ কিছু সংস্কার প্রস্তাব তুলে ধরা হয়, যা এরই মধ্যে বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) জমা দেওয়া হয়েছে। ডিএসইর এই প্রস্তাবনাকে ঘিরেই মূলত আলাদা শ্রেণী করার খবরটি বাজারে ছড়িয়ে পড়ে। এতে বহুজাতিক কোম্পানিগুলোর দাম বেশ বেড়ে গিয়েছিল। বাজারসংশ্লিষ্ট অপর একটি সূত্র বলছে, টানা দরপতনের পরিস্থিতিতে সম্প্রতি রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ সংস্থা ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশসহ (আইসিবি) আরও কিছু প্রতিষ্ঠান বাজারে মোটামুটি সক্রিয় থাকার কারণেও বহুজাতিক কোম্পানিগুলোর মূল্যবৃদ্ধি ঘটে থাকতে পারে। কসমোপলিটন ফিন্যান্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার শেয়ারবাজারের সূচক পতনে কয়েকটি বহুজাতিক কোম্পানি বড় ভূমিকা রেখেছে। এর মধ্যে শীর্ষে ছিল বিএটিবিসি। এককভাবে এই কোম্পানিটির দরপতনের কারণে ডিএসইর সাধারণ মূল্যসূচক কমেছে প্রায় শূন্য দশমিক ০৭ শতাংশ। সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল দেশের দুই স্টক এক্সচেঞ্জেই সার্বিকভাবে দরপতন ঘটেছে। তবে দরপতন হলেও দুই বাজারেই লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। এটিকে ইতিবাচক বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। দিনের শেষে ডিএসইর সাধারণ সূচক ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে প্রায় চার হাজার ৩৪২ পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৬৯ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৭৮ কোটি টাকা বেশি।সিএসইর সার্বিক মূল্যসূচক গতকাল ৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে প্রায় ১৩ হাজার ২১১ পয়েন্টে। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ৪১ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ছয় কোটি টাকা বেশি।