বহুপক্ষীয় ট্রানজিটের উদ্যোগে কোনো অগ্রগতি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত, নেপাল ও ভুটানকে ট্রানজিট দেওয়ার সুপারিশ-সংবলিত প্রতিবেদনটি সরকার এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। এমনকি ট্রানজিট-বিষয়ক মূল দলের তৈরি করা প্রতিবেদনটি নিয়ে ২০১২ সালে কোনো আনুষ্ঠানিক আলোচনাও করেনি সরকারের কোনো মহল। এর মধ্য দিয়ে কার্যত প্রতিবেদনটিকে হিমঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।প্রসঙ্গত, ২০১১ সালের সেপ্টেম্বর মাসে এক দফা সংশোধনের পর বাণিজ্য মন্ত্রণালয়ে এই প্রতিবেদন জমা দেয় ট্যারিফ কমিশনের তৎকালীন চেয়ারম্যান মজিবুর রহমানের নেতৃত্বাধীন মূল দল (কোর কমিটি)।এরপর এখন পর্যন্ত তা অনুমোদন বা এর ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কোনো উদ্যোগ নেয়নি বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়ে সেই প্রতিবেদন জমা দেওয়ার পর তা নিয়ে আন্তমন্ত্রণালয় কোনো বৈঠক হয়নি। অথচ ব্যবসায়ী, অর্থনীতিবিদ ও বিশ্লেষকেরা প্রতিবেদনটি প্রকাশের ও এটির ওপর আলোচনার দাবি জানিয়েছেন।তবে গত বছরের ২০ নভেম্বর ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে উপ-আঞ্চলিক সহযোগিতা-সংক্রান্ত বিশেষ কমিটির বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে ট্রানজিট-সংক্রান্ত প্রতিবেদনটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পরে তা পাঠানো হয়। আনুষ্ঠানিকভাবে ছুটিতে থাকা প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান এই বিশেষ কমিটির নেতৃত্ব দেন।বছরজুড়ে অনুষ্ঠিত এই বিশেষ কমিটির বেশ কয়েকটি বৈঠকে অন্য বিষয়ের পাশাপাশি ট্রানজিট-সংক্রান্ত বিষয়টি আলোচনা হয়। কিন্তু কোনো কার্যকর সিদ্ধান্ত ও উদ্যোগ নেওয়া হয়নি। পদ্মা সেতু নিয়ে কয়েক মাস আগে এই উপদেষ্টার ছুটিতে যাওয়ার পর সেই আলোচনাও বন্ধ হয়ে যায়।পূর্ণাঙ্গ ট্রানজিট প্রতিবেদন সম্পর্কে মূল দলের অন্যতম সদস্য ও যোগাযোগ বিশেষজ্ঞ রহমত উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘গত এক বছরে এই প্রতিবেদন নিয়ে কোনো আলোচনা না হওয়া দুঃখজনক। তবে এখন মনে হচ্ছে, কিছুটা অগ্রগতি হতে পারে। অন্য কোনো মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হতে পারে।’রহমত উল্লাহ আরও বলেন, ‘পণ্য পরিবহনে ভারত এখন নৌ প্রটোকলকেই বেশি গুরুত্ব দিচ্ছে। কেননা, এতে মাশুল দিতে হবে না। কিন্তু বিশেষজ্ঞ হিসেবে মনে করি, নৌ প্রটোকলের আওতায় বহুমাত্রিক পথে (নৌ ও সড়ক) পণ্য পরিবহন করতে হবে। তাই মাশুল আরোপ করা উচিত।’প্রতিবেদনে সড়ক, রেল ও নৌপথে মোট ১৭টি সম্ভাব্য রুট নির্ধারণ ও মাশুল প্রস্তাব করা হয়। তবে এসব রুটকে ট্রানজিট উপযোগী করতে অবকাঠামোর উন্নয়নে আগামী ১০ বছরে ৪৭ হাজার ৩৫ কোটি টাকা বিনিয়োগের প্রয়োজন হবে বলেও তাতে উল্লেখ করা হয়।দৃষ্টি এখন নৌপথে: পূর্ণাঙ্গ ট্রানজিটের পরিবর্তে এখন নৌপথেই ট্রানজিট-সুবিধা নেওয়াকেই বেশি গুরুত্ব দিচ্ছে ভারত। ভারতের এই আগ্রহে বাংলাদেশও সায় দিয়ে যাচ্ছে। গত জুলাই মাসে ঢাকায় অনুষ্ঠিত দুই দেশের সচিব পর্যায়ের বৈঠকে নৌ প্রটোকলের আওতায় উপকূল ঘেঁষে নৌব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়। ইতিমধ্যে বাংলাদেশের পক্ষ থেকে একটি প্রস্তাবও ভারতে পাঠানো হয়েছে। এমনকি ভারতকে ট্রানজিট দিতে চট্টগ্রাম ও মংলা মন্দর ব্যবহারের সুযোগ দেওয়ার প্রস্তাব গ্রহণ করা হয় বৈঠকে।তবে নৌ প্রটোকলের আওতায় নৌপথের নাব্যতা রক্ষার জন্য ভারত বছরে সাড়ে ১০ কোটি টাকা দিতে সম্মত হয়েছে। এত দিন তা ছিল পাঁচ কোটি টাকা। ভারত থেকে নৌপথে আশুগঞ্জ হয়ে স্থলপথে আগরতলা পর্যন্ত পণ্য পরিবহনে সড়ক ও রেলের প্রকল্প নেওয়া হয়েছে।ট্রানজিট পাচ্ছে ভুটান: বহুপক্ষীয় ট্রানজিট-সুবিধার উদ্যোগে শ্লথগতির প্রেক্ষাপটে গত জানুয়ারি মাসে বাংলাদেশের কাছে দ্বিপক্ষীয় ভিত্তিতে ট্রানজিট-সুবিধা চায় ভুটান। এ জন্য একটি ট্রানজিট চুক্তির খসড়াও পাঠায় ভুটান। বাংলাদেশও নীতিগতভাবে রাজি হয়। ইতিমধ্যে ভুটানের প্রস্তাবটি পরীক্ষা-নিরীক্ষার পর বাংলাদেশের পক্ষ থেকেও একটি খসড়া চুক্তির নমুনা পাঠানো হয়। শিগগিরই দুই দেশের প্রতিনিধিরা চুক্তির চূড়ান্ত খসড়া করবেন বলে জানা গেছে।ভূবেষ্টিত দেশ হওয়ায় বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়ার জন্য ১৯৮৪ সালে বাংলাদেশের সঙ্গে ট্রানজিট-সংক্রান্ত বাণিজ্য চুক্তি করে ভুটান। কিন্তু ভারত ভুটানকে এ জন্য তার ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ায় এই চুক্তি কার্যকর করা যায়নি। এ কারণে ২০০০ সালে এর মেয়াদ শেষ হয়ে যায়।তবে এখন ভারতের ভূখণ্ড ব্যবহার করতে পারে ভুটানি পণ্যবাহী ট্রাক। এমন অবস্থায় নতুন চুক্তির প্রয়োজনীয়তা থাকায় পুরো বিষয়টি বিশ্লেষণ করে ট্রানজিটের সপক্ষে মত দেয় বাংলাদেশ ট্যারিফ কমিশন।এই ট্রানজিটের আওতায় পণ্য পরিবহনে সমুদ্র ও বিমানবন্দর ব্যবহারের সুবিধা চেয়েছে ভুটান। পাশাপাশি আরও পাঁচটি শুল্কবন্দর দিয়ে পণ্য আনা-নেওয়া করতে চায় ভুটান। এগুলো হলো: মোগলহাট, নাঁকুগাঁও, নুনখাওয়া, হালুয়াঘাট ও বাংলাবান্ধা। এসব স্থলবন্দর দিয়ে পণ্য আনা-নেওয়ার পাশাপাশি চট্টগ্রাম বিমানবন্দর ও সমুদ্রবন্দর, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, খুলনার মংলা সমুদ্রবন্দর ব্যবহারের সুবিধাও চায়।বর্তমানে বাংলাদেশের বুড়িমারী ও তামাবিল—এই দুই স্থলবন্দর দিয়ে ভুটানের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য হয়। আর কিছু পণ্য আসে আকাশপথে।