বহুপক্ষীয় বিশ্ব বাণিজ্যের ভবিষ্যৎ অনিশ্চিত নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিধিবিধানভিত্তিক বহুপক্ষীয় বিশ্ব বাণিজ্যব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক প্যাসকেল লামি। গত শনিবার সন্ধ্যায় ঢাকায় রূপসী বাংলা হোটেলে তাঁর সাক্ষাৎকার নিয়েছেন আসজাদুল কিবরিয়াপ্রথম আলো: দোহা আলোচনা অসমাপ্ত থাকায় বিশ্ব বাণিজ্য সংস্থার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে বলে অনেকে মনে করছেন। আপনি বিষয়টি কীভাবে দেখছেন?প্যাসকেল লামি: আমি মনে করি না বহুপক্ষীয় বিশ্ব বাণিজ্য ব্যবস্থা কোনো বিরাট অনিশ্চয়তার মধ্যে পড়েছে। বরং এই বহুপক্ষীয় বিশ্ব বাণিজ্যের বিধিবিধানগুলোকে আরও উন্নত ও জোরদার করার জন্যই দোহা পর্বের আলোচনা চলছে। ২০০১ সালে ডব্লিউটিওর পঞ্চম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের সিদ্ধান্ত অনুসারে বাণিজ্যের বিভিন্ন বাধা অপসারণের বিষয়ে সদস্য দেশগুলো আলোচনা চালিয়ে যাচ্ছে। আর ডব্লিউটিও ইতিমধ্যে গৃহীত বিধিবিধানগুলো যথাযথভাবে প্রয়োগ ও বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এটা ঠিক যে উন্নত দেশগুলোর সঙ্গে উন্নয়নশীল দেশগুলোর দুটো ক্ষেত্রে বড় ধরনের মতভেদ রয়ে গেছে। উন্নয়নশীল দেশগুলো চায় উন্নত দেশগুলো কৃষিতে ভর্তুকি আরও কমিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ হোক। আবার উন্নত দেশগুলো চায় উন্নয়নশীল দেশগুলো তাদের শিল্প খাতের আমদানি শুল্ক আরও কমিয়ে আনুক।প্রথম আলো: এই বিরোধ কি তাহলে বহুপক্ষীয় বিশ্ব বাণিজ্যের দুর্বলতারই প্রতিফলন নয়?প্যাসকেল লামি: আমি সে রকম মনে করি না। যেমন, বিশ্ব আর্থিক সংকটের পরপরই আমদানি শুল্কসহ প্রতিরক্ষণমূলক বিভিন্ন পদক্ষেপ বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। তবে বিশ্ব বাণিজ্যের বিভিন্ন বিধিবিধানের কারণেই শেষ পর্যন্ত তা আর বাড়েনি। আবার বহুপক্ষীয়ভাবে বাণিজ্য উন্মুক্ত হওয়ার ইতিবাচক প্রভাব পড়েছে বিভিন্ন দেশের ওপর। এমনকি বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোও এর সুফল পাচ্ছে। বেশির ভাগ উন্নত দেশের পাশাপাশি কিছু কিছু উন্নয়নশীল দেশও শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজারসুবিধা দিচ্ছে। আজকে যে চীন ও ভারত বাংলাদেশের মতো বিভিন্ন দেশকে এই সুবিধা দিচ্ছে, তাও সম্ভব হয়েছে ডব্লিউটিওর কারণে। আবার ১০ বছর আগে নতুন বাণিজ্য আলোচনার বা সমঝোতার জন্য আমেরিকা-ইউরোপ চাপ দিয়েছিল আর আপত্তি করেছিল ব্রাজিল, ভারতের মতো উন্নয়নশীল দেশগুলো। আর এখন এই সমঝোতা শেষ করতে উন্নয়নশীল দেশগুলোই চাপ দিচ্ছে। কেননা, বহুপক্ষীয় বাণিজ্যের সুফল তারা পেয়েছে।প্রথম আলো: ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) দেশগুলো নতুন একটি জোট হিসেবে আবির্ভূত হয়েছে। এই জোট কি ভবিষ্যতে দোহা আলোচনা দ্রুত সম্পন্ন করার বিষয়ে ইতিবাচক ভূমিকা রাখবে?প্যাসকেল লামি: এটা এত তাড়াতাড়ি বলা কঠিন। যদিও দোহা আলোচনায় ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকা খুব সক্রিয়ভাবে অংশ নিচ্ছে এবং একটি অভিন্ন অবস্থানে আসার চেষ্টা করছে, তবু তাদের নিজেদের মধ্যে অনেক ক্ষেত্রেই বড় ধরনের পার্থক্য রয়েছে। বিধিবদ্ধ শুল্কহারে যে প্রতিশ্রুতি ডব্লিউটিতে তারা করেছে, সেখানেই বেশ পার্থক্য দেখা যায়। ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার এই হার যথাক্রমে ৪০, ৩৫ ও ২০ শতাংশ। অথচ চীন ও রাশিয়ার এই হার যথাক্রমে ৯ ও সাড়ে ৭ শতাংশ। বিধিবদ্ধ হার মানে আমদানিতে এর চেয়ে বেশি হারে তারা শুল্কারোপ করতে পারবে না।প্রথম আলো: ব্রিকস দেশগুলো তো যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কৃষি ভর্তুকি নিয়ে বড় ধরনের আপত্তি জানিয়ে আসছে। এখানে মতভেদ কীভাবে কমানো সম্ভব?প্যাসকেল লামি: সামপ্রতিককালে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ক্রমাগতভাবে বেড়ে যাওয়ায় বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করে এমন কৃষি ভর্তুকি কিন্তু কমে গেছে। কেননা, ভর্তুকি ও দাম বিপরীতমুখী সম্পর্কে আবদ্ধ। অর্থাৎ একটা বাড়লে অন্যটা কমে। এখন সম্ভবত কৃষি ভর্তুকির বিষয়ে কিছু অগ্রগতি হবে। তবে আমরা আবার নতুন ধরনের একটি বিষয় দেখতে পাচ্ছি। আমরা বরাবরই আমদানিতে বিধিনিষেধ আরোপ নিয়ে কাজ করে আসছিলাম। এখন দেখা যাচ্ছে, রপ্তানিতেও বিধিনিষেধ আসছে।প্রথম আলো: বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থায় বাংলাদেশের জন্য ভবিষ্যতে সম্ভাবনা কতটুকু?প্যাসকেল লামি: বাণিজ্য উন্মুক্ত হওয়ার অনেক সুবিধা বাংলাদেশ পেয়েছে। বাংলাদেশের রপ্তানির প্রবৃদ্ধি ও অর্থনীতিতে এর অবদান দেখলেই তা বোঝা যায়। তবে তৈরি পোশাক শিল্প এবং আমেরিকা-ইউরোপের বাজারের ওপর নির্ভরতা রপ্তানি খাতের সীমাবদ্ধতা তৈরি করেছে। তাই নতুন ও সম্ভাবনাময় কিছু খাতের দিকে নজর দিতে হবে। চীনের শ্রমমজুরি বাড়তে থাকায় অনেক বিনিয়োগই ভিয়েতনামে যাচ্ছে। এগুলো বাংলাদেশেও আসতে পারে। বাংলাদেশের এখন চেষ্টা করা উচিত বিশ্বের বিভিন্ন পণ্যের জোগান শৃঙ্খলে প্রবেশ করার যেখানে মূল্য সংযোজনের সুযোগ আছে। মানে পূর্ণাঙ্গ পণ্য তৈরি না করে মধ্যবর্তী পণ্য তৈরি করা ও অন্যদের তা সরবরাহ করা। এ জন্য অবশ্যই অবকাঠামো নির্মাণ ও উন্নত করতে হবে। চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়াতে হবে।প্রথম আলো: সেবা খাতের বাণিজ্যে বাংলাদেশের সুযোগ কতখানি বলে মনে করেন?প্যাসকেল লামি: প্রবাসে কর্মরত বাংলাদেশিরা বছরে এক হাজার কোটি ডলারের বেশি আয় দেশে পাঠাচ্ছে। ভবিষ্যতে এটা আরও বাড়ার সুযোগ রয়েছে জনশক্তি রপ্তানি বাড়ানোর মাধ্যমে।