ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর ক্ষেত্রে আধা শুল্ক ও অশুল্ক বাধার পাশাপাশি ভিসা পেতে ভোগান্তি এবং অবকাঠামো ও যোগাযোগ সমস্যাকেও বাধা হিসেবে চিহ্নিত করেছে ব্যবসায়ী সমাজ। এসব সমস্যার আশু সমাধানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সহযোগিতা চাওয়া হয়েছে।ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণের সঙ্গে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) এক আলোচনা সভায় গতকাল বৃহস্পতিবার দুপুরে এই সহযোগিতা চাওয়া হয়। রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।বাংলাদেশের ব্যব-সায়ীদের আহ্বানের পরিপ্রেক্ষিতে ভারতীয় হাইকমিশনার ব্যবসায়ীদের বহুব্যবহার্য (মাল্টিপল) ভিসা দেওয়ার ব্যাপারে উপস্থিত সবাইকে আশ্বস্ত করেন। পাশাপাশি বিদ্যমান অন্যান্য সমস্যার সমাধানেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।সভায় এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, দুই দেশের মধ্যকার আমদানি-রপ্তানি বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরনির্ভর। কিন্তু দুই দেশের মধ্যকার বাণ্যিজ্যিক সম্পর্ক উন্নয়নে অন্যান্য বন্দরের আধুনিকায়ন দরকার।ব্যবসায়ীদের জন্য ভিসা পাওয়া সহজ করলে এবং বহুব্যবহারিক ভিসা ইস্যু করলে ভারতই বেশি লাভবান হবে উল্লেখ করে এ কে আজাদ বলেন, ভারত থেকে বাংলাদেশ প্রচুর পণ্য আমদানি করে। ভারতে তৈরি পণ্য রপ্তানি বাড়াতে বাংলাদেশের আরও অনেক সময় লাগবে। কারণ ভারতের জনগণ বাংলাদেশের পণ্য ব্যবহার করে অভ্যস্ত নয়।এ কে আজাদ বলেন, ভারতে পণ্য রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান ছোট ছোট কিছু সমস্যার কারণে এ দেশের ব্যবসায়ীরা সে দেশে পণ্য রপ্তানিতে আগ্রহ হারিয়ে ফেলছেন। তাই এসব সমস্যার সমাধানে দুই দেশের ব্যবসায়ীদের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের পরামর্শক কমিটি গঠন করা যেতে পারে।একই সঙ্গে ব্যবসায়ীদের পাঁচ বছর মেয়াদি মাল্টিপল ভিসা ইস্যু করা এবং ব্যবসায়ীদের জন্য দূতাবাসে আলাদা একটি বুথ করার দাবি জানান এ কে আজাদ।ভারতীয় হাইকমিশনার বলেন, কয়েক সপ্তাহ আগে অনুষ্ঠিত দুই দেশের বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠকে ব্যবসায়ীদের বহু ব্যবহারিক ও দীর্ঘমেয়াদি ভিসা ইস্যুর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সে অনুযায়ী এ দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের বহুব্যবহারিক ভিসা প্রদানের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।এ ছাড়া দূতাবাসে ব্যবসায়ীদের জন্য আলাদা বুথ করার বিষয়টিও বিবেচনার আশ্বাস দেন ভারতীয় নতুন এই হাইকমিশনার।বাণিজ্য ক্ষেত্রে বিরাজমান সমস্যার সমাধানে পর্যবেক্ষক কমিটি গঠনের দাবির পরিপ্রেক্ষিতে হাই-কমিশনার বলেন, ‘এটি খুবই ভালো প্রস্তাব। যদিও দুই দেশের মধ্যে বিরাজমান বিভিন্ন বিষয়ের সমাধানে সরকারি পর্যায়ে এ ধরনের কমিটি কাজ করছে।’ভারত বাংলাদেশের সব পণ্যে শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার দিয়েছে উল্লেখ করে শরণ বলেন, এর ফলাফল যাচাইয়ের সময় এখনো হয়নি। ভারতীয় হাইকমিশনার জানান, পরিকল্পনা অনুযায়ী কাজ হলে ২০১৩ সাল নাগাদ ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ পাবে বাংলাদেশ। এ ছাড়া খুলনায় ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি হয়েছে।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এফবিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি জসিম উদ্দিন, ইন্দো-বাংলা চেম্বারের সভাপতি আবদুল মাতলুব আহমাদ, ব্যবসায়ী কামরান টি আহমেদ, আবদুল হক, মনোয়ারা হাকিম আলী প্রমুখ।