বহুস্তর মূসক ব্যবস্থার ব্যাপারে জানা যাবে বাজেট বক্তৃতায়: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১ জুলাই থেকে ব্যবসায়ীদের জন্য বহুস্তর পদ্ধতির মূল্য সংযোজন কর (মূসক) ব্যবস্থা থাকবে কি না, তা এখনই বলতে চান না অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, সরকারে পক্ষ থেকে কী করা হবে, তা আগামী বাজেট বক্তৃতায় জানা যাবে।

আজ রোববার সচিবালয়ে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনসহ (এফবিসিসিআই) বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের সঙ্গে মূসক নিয়ে অনুষ্ঠিত বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের অর্থমন্ত্রী এ কথা বলেন।
আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আমি ব্যবসায়ীদের বলি নাই, আগামী ১ জুলাই থেকে বহুস্তরবিশিষ্ট মূসক পদ্ধতি থাকবে কি না। তাঁদের প্রধান দাবি এটি। অন্যান্য দাবিও আছে।’
অর্থমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা তাঁদের দাবি জানিয়েছেন। সরকারে পক্ষ থেকে কী করা হবে, তা আগামী বাজেট বক্তৃতায় জানা যাবে।
ব্যবসায়ীদের জন্য ১৫ শতাংশ মূসক বহাল রেখে আগামী ১ জুলাই থেকে নতুন মূসক আইন কার্যকর করা হবে। ব্যবসায়ীরা দাবি জানিয়ে আসছেন, মূসক হার ১৫ শতাংশের পরিবর্তে ১৫, ১২, ১০ রকম হার করার জন্য।
বৈঠকে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের বর্তমান এবং সাবেক সভাপতিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আবদুল মান্নান, অর্থ বিভাগের সচিব মাহবুব আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।