মৌলভীবাজারের কমলগঞ্জের বাঁশ ও বেতশিল্পের উন্নয়নে উপজেলা প্রশাসন ও ব্যাংকের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। বাঁশ ও বেতশিল্পীদের নিয়ে উত্তর ভানুবিল গ্রামে গতকাল সোমবার উপজেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় এ আশ্বাস দেওয়া হয়। এতে বাঁশ-বেতশিল্পীরা তাঁদের প্রয়োজনীয় মূলধনের অভাবসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সমাজসেবী আহমদ সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. শামছুদ্দীন, সোনালী ব্যাংকের কমলগঞ্জ শাখার ব্যবস্থাপক সঞ্জয় কান্তি দেব; অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক নিয়াজ মাহমুদ, সাংবাদিক সাব্বির এলাহী, বিকুল চক্রবর্তী, প্রণতি রঞ্জন দেবনাথ, নারী উদ্যোক্তা সোমা বিশ্বাস, মধুচাষি সমিতির সভাপতি আলতাফ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি