বাংলা মেসেঞ্জার 'কমোয়ো' নিয়ে এল গ্রামীণফোন

দেশের গ্রাহকদের জন্য ইনস্ট্যান্ট মেসেজিং (আইএম) বা তাৎক্ষণিক বার্তা বিনিময়ব্যবস্থা আরও সহজ করতে ‘কমোয়ো’ নামে বিনা মূল্যের বাংলা মেসেঞ্জার নিয়ে এসেছে দেশের বৃহত্তম মোবাইল অপারেটর গ্রামীণফোন।
ঢাকার একটি হোটেলে গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে এই বাংলা মেসেঞ্জার চালুর ঘোষণা দিয়েছে গ্রামীণফোন। এতে বলা হয়, মেসেঞ্জারটির মাধ্যমে গ্রাহকেরা টেক্সট ও ভয়েস মেসেজ, ভিডিও, অডিও ও গ্রুপ চ্যাট করতে পারবেন। এ ছাড়া তরুণদের জন্য কমোয়োতে রয়েছে বিনা মূল্যে বিষয়ভিত্তিক ও প্রবাদ-প্রবচন লেখাসংবলিত বাংলা স্টিকার। যেকোনো মোবাইল ফোন গ্রাহক গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে কমোয়ো অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন।
সংবাদ সম্মেলনে টেলিনর ডিজিটালের ভাইস প্রেসিডেন্ট ফ্রোডে ই ভেস্টনেস, গ্রামীণফোনের ডিজিটাল অ্যান্ড ডিভাইস বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ মুনতাসির হোসেনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।