বাংলা শব্দকোষ থেকে 'মঙ্গা' শব্দের বিদায়
আগামী আট বছর পর দেশে কোনো দরিদ্র লোক থাকবে না বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আর ‘মঙ্গা’কে বাংলা শব্দকোষ থেকে বিদায়ই করে দিতে চান তিনি।
রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) মিলনায়তনে গতকাল বুধবার ‘মঙ্গা নিরসনে সমন্বিত উদ্যোগ কর্মসূচি’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থসচিব মাহবুব আহমেদ ও পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবদুল করিম।
অর্থমন্ত্রী বলেন, আট বছর পর দেশে দরিদ্র লোক থাকবে না বলে তিনি মনে করেন। তবে এর মানে আবার এই নয় যে দরিদ্র লোক একেবারেই থাকবে না। কিছু বয়স্ক ও প্রতিবন্ধী লোক থেকেই যাবেন, যাঁরা রাষ্ট্রের ওপর নির্ভরশীল। তাঁদের জন্য কিছু করার উদ্যোগ নিচ্ছে সরকার।
গ্রামীণ ব্যাংকের অভিজ্ঞতার ভিত্তিতে পিকেএসএফ প্রতিষ্ঠা করা হয় জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘এটি করার সময় কারও সহযোগিতা পাওয়া যায়নি। সরকার নিজেই এটা করে।’
অর্থমন্ত্রী বলেন, ‘বাংলা শব্দকোষ থেকে আজকের পর “মঙ্গা” শব্দটিকে বিদায় করে দিলাম। আনন্দের সঙ্গে শব্দটিকে আমরা বিদায় দিতে পারি। কারণ, এখন আর দেশে মঙ্গা নেই।’
অর্থসচিব মাহবুব আহমেদ বলেন, দারিদ্র্য বিমোচনে সরকারের প্রচেষ্টা সফল বলেই মঙ্গা বিদায় নিয়েছে। তবে দারিদ্র্য কমলেও বৈষম্য রয়েই গেছে দেশে।
পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ ক্ষুদ্রঋণের মানবিকীকরণ করেছেন বলে জানান। তিনি বলেন, ‘ঋণ শুধু দিলেই হয় না। প্রশিক্ষণ, প্রযুক্তি এবং বাজারজাতকরণেও সহায়তা দিতে হবে।’
পিকেএসএফের সহায়তায় কীভাবে নিজেদের জীবন পাল্টে ফেলেছেন, অনুষ্ঠানে সেই বিবরণ তুলে ধরেন একসময়ের দরিদ্র ও বর্তমানে স্বাবলম্বী লোকেরা।
নীলফামারীর জাহিরা বেগম বলেন, অল্প বয়সে বিয়ে হয় তাঁর। বিয়ের পর যৌতুকের জন্য চাপ দিতে থাকে শ্বশুর-শাশুড়ির লোকেরা। দিশেহারা হয়ে তিনি মুরগি পালনের প্রশিক্ষণ নেন। তিন হাজার টাকা ঋণ নিয়ে শুরু করলেও পরে স্বামীকে পানের দোকান করে দেন।
নীলফামারীর আরেকজন আমেনা বেওয়া ভিক্ষুক থেকে ছাগল পালনকারী এবং গাইবান্ধার শাহেদ জামাল ভ্যানচালক থেকে সার উৎপাদকে পরিণত হওয়ার গল্প শোনান।
অনুষ্ঠানে পিকেএসএফের প্রাইম কর্মসূচির আওতায় অতিদরিদ্রদের সংগঠিত করার মাধ্যমে নমনীয় সঞ্চয়, সহনীয় ও নমনীয় ঋণ এবং আপৎকালীন ঋণ দেওয়া হয় বলে জানানো হয়। বলা হয়, এ যাবৎ ২ হাজার ৩৮৬ কোটি টাকা নমনীয় ঋণ এবং ৭০ কোটি টাকা আপৎকালীন ঋণ দেওয়া হয়েছে। এ ছাড়া এ কর্মসূচির আওতায় ২ লাখ ৬৫ হাজার জন সদস্যকে কৃষিজ ও অকৃষিজবিষয়ক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আরও জানানো হয়, প্রাইম কর্মসূচির অর্জন হলো কর্মসূচিভুক্ত পরিবারের বার্ষিক আয় ২০০৭ সালে ছিল ৩৭ হাজার টাকা, এখন তা ১ লাখ ৪২ হাজার ৬৩৮ টাকা।