বিশ্বের বৃহত্তম খুচরা বিপণি প্রতিষ্ঠান ওয়ালমার্ট বাংলাদেশ, ভারত ও চীনের বিভিন্ন কারখানায় কর্মরত ৬০ হাজার নারী শ্রমিকের জন্য প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছে।প্রথম অবস্থায় বাংলাদেশ ও ভারতে সীমিত পরিসরে এই প্রশিক্ষণ শুরু হচ্ছে। বাংলাদেশে এই প্রশিক্ষণকাজ পরিচালনা করবে বেসরকারি উন্নয়ন সংস্থা কেয়ার। ভারতে কাজটি করবে সোয়াস্তি।পর্যায়ক্রমে চীন ও মধ্য আমেরিকায়ও এই প্রশিক্ষণ কর্মসূচি সমপ্রসারণ করা হবে। মোট ১৫০টি কারখানার নারী শ্রমিকেরা এই প্রশিক্ষণের আওতায় আসবেন। পাঁচ বছরব্যাপী এই প্রশিক্ষণের মাধ্যমে নারী শ্রমিকদের দক্ষতার উন্নয়ন ঘটানো হবে। খবর এএফপি’র।ওয়ালমার্টের গ্লোবাল উইমেনস ইকোনমিক এমপাওয়ারমেন্ট ইনিশিয়েটিভের আওতায় এই প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ‘উইমেন ইন ফ্যাকটরিজ’ নামের এই কর্মসূচিতে ওয়ালমার্টের জন্য পণ্য প্রস্তুতকারী বিভিন্ন দেশের কারখানায় কর্মরত নারী শ্রমিকদের পর্যায়ক্রমে প্রশিক্ষিত করা হবে।প্রশিক্ষণের মাধ্যমে একদিকে যেমন নারী শ্রমিকদের কর্মদক্ষতা বাড়ানো হবে, অন্যদিকে তেমনি স্বাস্থ্য, পরিচ্ছন্নতা, যোগাযোগ কুশলতা ইত্যাদি বিষয়েও সচেতনতা বাড়ানো হবে।মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক বিপণিবিতান ওয়ালমার্ট সস্তায় খুচরা পণ্য বিক্রির জন্য বিখ্যাত। আর এসব পণ্য সংগ্রহ করা হয় বাংলাদেশ, ভারত, চীনসহ বিভিন্ন দেশ থেকে।তবে ওয়ালমার্টের বিপণিবিতান ও কারখানাগুলোয় শ্রমিকদের কম মজুরি দেওয়ার অভিযোগও আছে। এমনকি বাংলাদেশে তৈরি পোশাকশিল্প শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর ক্ষেত্রে মালিকপক্ষের আপত্তি ও বাধাদানে ওয়ালমার্টের পক্ষ থেকে সমর্থন জোগানোরও অভিযোগ উঠেছে।