বাংলাদেশ-অস্ট্রেলিয়া উন্নয়ন সহযোগিতা কর্মসূচি স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সরকার দুই দেশের মধ্যে উন্নয়ন সহযোগিতা কর্মসূচি-সংক্রান্ত একটি প্রতিশ্রুতি বিবরণীতে স্বাক্ষর করেছে।গত বৃহস্পতিবার বিকেলে ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-অস্ট্রেলিয়া উন্নয়ন সহযোগিতা শীর্ষক উচ্চপর্যায়ের প্রথম পর্যালোচনা সভায় এই যৌথ বিবরণীতে স্বাক্ষর করেন অসএইডের দক্ষিণ ও পশ্চিম এশিয়ার প্রথম সহকারী মহাপরিচালক স্কট ডসান এবং বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. আবুল কালাম আজাদ।এই যৌথ বিবরণীর মাধ্যমে উভয় সরকার বাংলাদেশের ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার (২০১১-১৫) আলোকে একটি উন্নয়ন সহযোগিতা কার্যক্রম বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিয়েছে। এ কার্যক্রম অতিদরিদ্র নারী-পুরুষদের জন্য সামাজিক সেবা (বিশেষত শিক্ষা ও স্বাস্থ্য) দেওয়ার ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য কমিয়ে আনা, তাঁদের আয় বৃদ্ধিতে সহযোগিতা করা এবং প্রাকৃতিক দুর্যোগ, যেমন—বন্যার ক্ষয়ক্ষতি কমাতে সাহায্য করবে। এ বিষয়ে ডসান বলেন, দারিদ্র্য বিমোচন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য বাংলাদেশ সরকারের ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় অন্তর্ভুক্ত রূপকল্পকে অস্ট্রেলিয়ার সরকার স্বাগত জানায়। তারা আশা করে, বাংলাদেশে উন্নয়নের সুফল সব স্তরের জনগণের কাছে পৌঁছাবে। বাংলাদেশে অস্ট্রেলিয়ার উন্নয়ন সহযোগিতা সাম্প্রতিককালে উল্ল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ২০০৬ সালে এই সাহায্যের পরিমাণ যেখানে ছিল তিন কোটি ৩০ লাখ ডলার তা বৃদ্ধি পেয়ে ২০১২-১৩ অর্থবছরে নয় কোটি ৩০ লাখ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বর্তমানে অস্ট্রেলিয়ায় দ্বিপক্ষীয় উন্নয়ন সাহায্য পাওয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশের স্থান অষ্টম। বিজ্ঞপ্তি।