বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড প্রথমবারের মতো সনদ দিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) মান-সনদ দেওয়ার সক্ষমতা অর্জন করার পর বাংলাদেশ শিল্প ও গবেষণা পরিষদকে (বিসিএসআইআর) আন্তর্জাতিক গ্রহণযোগ্য মান-সনদের স্বীকৃতি সনদ দিল। এই প্রথম কোনো প্রতিষ্ঠানকে মান-সনদ দিল বিএবি।বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে গতকাল ‘অ্যাক্রেডিটেশন: নিরাপদ খাদ্য ও সুপেয় পানির নিশ্চয়তা দেয়’ শীর্ষক সেমিনারে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বিসিএসআইআরের জ্যেষ্ঠ কর্মকর্তাদের হাতে এই সনদ তুলে দেন।রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার মিলনায়তনে যৌথভাবে সেমিনারের আয়োজন করে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।শিল্প মন্ত্রণালয় থেকে পাঠানো তথ্য বিবরণী এবং ঢাকা চেম্বার থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।সেমিনারে ব্যবসায়ীরা বলেছেন, দেশে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য গবেষণাগারের (অ্যাক্রেডিটেটেড ল্যাবরেটরি) অভাব থাকায় উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিদেশি গবেষণাগার থেকে সনদ নিতে হচ্ছে। এতে একদিকে মূল্যবান বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে, অন্যদিকে সময়েরও অপচয় হচ্ছে।বক্তারা আরও বলেন, বিএবি মান-সনদের স্বীকৃতি দেওয়ার সক্ষমতা অর্জন করায় বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়বে। একই সঙ্গে পণ্য পরীক্ষা করাতে গিয়ে উদ্যোক্তাদের কোটি কোটি টাকা সাশ্রয় হবে।সেমিনারে ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহীম বলেন, পণ্য ও সেবার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা তৈরি, ব্যবসায়িক ব্যয় কমানো, ভোক্তার আস্থা বাড়ানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় অ্যাক্রেডিটেশন প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা রয়েছে। তিনি বলেন, ‘বিশ্বের বাজারে বাংলাদেশি পণ্যের গ্রহণযোগ্যতা সৃষ্টি এবং প্রবেশাধিকারের নিশ্চয়তা বিধানের জন্য আমাদের বিশ্বমানের পণ্য উৎপাদন করতে হবে।’শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ বি এম খোরশেদ আলম বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের কার্যক্রম গতিশীল করতে দ্রুত প্রধান নিরীক্ষক (লিড অডিটর) নিয়োগের সুপারিশ করেন বক্তারা।সেমিনারের প্রধান অতিথি দিলীপ বড়ুয়া বলেন, বিশ্ববাণিজ্যের কারিগরি বাধাগুলো উন্নয়নশীল দেশের রপ্তানি প্রবৃদ্ধির পথে সবচেয়ে বড় বাধা। এসব প্রতিবন্ধকতা মোকাবিলায় আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ল্যাবরেটরি গড়ে তুলতে হবে।বিএবির চেয়ারম্যান মঈনুদ্দিন মিয়াজীর সভাপতিত্বে সেমিনারে বিএবির মহাপরিচালক আবু আবদুল্লাহ, বিএসটিআইয়ের মহাপরিচালক এ কে ফজলুল আহাদ, এফবিসিসিআইয়ের পরিচালক আবদুল হক, এসজিএস বাংলাদেশের ব্যবস্থাপক মামুন চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।