ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর পারস্পরিক যোগাযোগের অভাবে বাংলাদেশসহ এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে উল্লেখ করেছেন এ দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) আয়োজিত ‘বাংলাদেশে চীন, ভারত ও যুক্তরাষ্ট্র’ শীর্ষক এক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে গতকাল বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন।
রাজধানীর বসুন্ধরায় নিজস্ব ক্যাম্পাস মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করে আইইউবির গ্লোবাল স্টাডিজ অ্যান্ড গভর্ন্যান্স প্রোগ্রাম। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে যুক্তরাষ্ট্র, ভারত ও চীনের মতো তিনটি বৃহৎ রাষ্ট্র কীভাবে আরও বেশি ভূমিকা রাখতে পারে, সেই উদ্দেশ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মার্শা বার্নিকাট বলেন, অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে দক্ষিণ এশিয়া বিশ্বের সবচেয়ে পিছিয়ে থাকা একটি অঞ্চল। আঞ্চলিক সংযোগের অভাবে বাংলাদেশ ও তার প্রতিবেশীরা বড় ধরনের সুযোগ হারাচ্ছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠার সুযোগও হারাচ্ছে বাংলাদেশ।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের উন্নয়নে ভারত বা চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিযোগিতা নেই। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে যেকোনো দেশ বা সংস্থার সহযোগিতায় যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি ইতিবাচক।
অর্থনৈতিক অগ্রগতি অর্জনে বাংলাদেশের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ তুলে ধরে মার্শা বার্নিকাট বলেন, ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হয়ে গেলে স্বল্পোন্নত দেশ হিসেবে পাওয়া বর্তমান সুবিধাগুলো বাংলাদেশ আর পাবে না। জ্বালানি ও বাণিজ্যে সহযোগিতা বাড়লে এবং প্রতিবেশীদের সঙ্গে পারস্পরিক যোগাযোগ বাড়লে ২০২১ সাল-পরবর্তী সময়ে অগ্রগতির ধারাবাহিকতা ধরে রাখতে তা বাংলাদেশের জন্য সহায়ক হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন আইইউবির উপাচার্য ওমর রহমান, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাশেদ চৌধুরী, সহ-উপাচার্য (মনোনীত) মিলান পাগন প্রমুখ।