বাংলাদেশ আবারও জবাব পাঠিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া অগ্রাধিকারমূলক শুল্কসুবিধা (জিএসপি) বহাল থাকার আশা নিয়ে দেশটির বিভিন্ন প্রশ্নের আবারও জবাব পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।শ্রমিকনেতা আমিনুল হত্যাকাণ্ডের তদন্ত সম্পন্ন, শ্রমিকনেতা কল্পনা আক্তার ও বাবুল আক্তারের বিরুদ্ধে দায়ের করা মামলার চার্জশিট দেওয়া, বেপজায় শ্রমিকদের কালো তালিকাভুক্ত না করা, কারখানায় অগ্নিনির্বাপণ ব্যবস্থার জন্য বড় আকারের কর্মসূচি চালু করা, চিংড়িশিল্পে শ্রম অধিকার বাস্তবায়নে চুক্তি স্বাক্ষর করা এবং শ্রমিকদের শতভাগ মজুরি দেওয়ার কথা এতে উল্লেখ রয়েছে।বাণিজ্যসচিব মাহবুব আহমেদ গতকাল মঙ্গলবার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। শ্রম অধিকার বাস্তবায়নে বাংলাদেশ পিছিয়ে—গত ডিসেম্বরে আমেরিকান ফেডারেল অব লেবার কংগ্রেস ফর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (এএফএল-সিআইও) ইউএসটিআরের কাছে অভিযোগ করে। এর পরিপ্রেক্ষিতে ইউএসটিআর জানুয়ারিতে এক নোটিশ দিয়ে বাংলাদেশের ব্যাখ্যা চায় এবং জিএসপি-সুবিধা বহাল রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলে। গত মাসে বাণিজ্যসচিবের নেতৃত্বাধীন ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রে গিয়ে শুনানিতে অংশ নেয় এবং শ্রম অধিকার বাস্তবায়নের অগ্রগতির নানা দিক তুলে ধরে।মাহবুব আহমেদ বলেন, ‘ইউএসটিআরের নিয়মানুযায়ী জবাব দিতে হয়, সেটাই আমরা পাঠিয়েছি। গত সোমবার শ্রমিকদের আরও বেশি অধিকার দিয়ে যে ২০০৬ সালের শ্রম আইন সংশোধন করা হয়েছে, তাও উল্লেখ করা হয়েছে এতে।’ এর আগে গত ৩১ জানুয়ারি ই-মেইলে ইউএসটিআরের কাছে জবাব পাঠানো হয়েছিল। তাতে ছয় মাসের মধ্যে শ্রম আইন সংশোধন করার প্রতিশ্রুতি ছিল।বাণিজ্যসচিব বলেন, ‘শুনানি শেষে আমি আশাবাদ ব্যক্ত করেছিলাম এবং এখনো করছি, যুক্তরাষ্ট্রের দেওয়া জিএসপি-সুবিধা বাংলাদেশের জন্য বহাল থাকছে।’