বাংলাদেশ এইচএসবিসির জন্য গুরুত্বপূর্ণ বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেডের (এইচএসবিসি) একটি গুরুত্বপূর্ণ বাজার। বর্তমানে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ২১টি দেশে এইচএসবিসির কার্যক্রম আছে। এর মধ্যে বাংলাদেশ বিকাশমান শীর্ষ পাঁচটি দেশের মধ্যে আছে। এইচএসবিসির এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মানবসম্পদ বিভাগের প্রধান উইলিয়াম গিবন গতকাল বুধবার ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রথম আলোর সঙ্গে আলাপকালে এ কথা বলেন। দুই দিনের এক সফরে তিনি বাংলাদেশে এসেছেন। এ সময় তিনি বাংলাদেশে এইচএসবিসির বিভিন্ন অফিস পরিদর্শন ও ব্যাংকে কর্মরত কর্মীদের পেশাগত মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির নানা কর্মকাণ্ড অবলোকন করেন। উইলিয়াম গিবন বলেন, বাংলাদেশ একটি প্রতিযোগিতামূলক বাজার। সে জন্য এখানকার গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা দেওয়ার জন্য একটি উন্নত ব্যাংকিং জনবল গড়ে তুলতে এইচএসবিসির পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টির জন্য লোকবল বাড়ানোর পাশাপাশি দক্ষতা বৃদ্ধির ওপরও জোর দেওয়া হচ্ছে।গিবন বলেন, বাংলাদেশে কর্মীদের নিয়ে এইচএসবিসি খুশি। সে কারণে বাংলাদেশ থেকে ব্যাংকের বিভিন্ন দেশের কার্যক্রমে অংশ নেওয়া কর্মীদের আনুপাতিক হার অন্য দেশের তুলনায় বেশি। তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে ৯০০-এর মতো কর্মী এইচএসবিসিতে কাজ করেন। আর বাংলাদেশের ৪১ জন নাগরিক এইচএসবিসির বিভিন্ন দেশের কার্যক্রমের গুরুত্বপূর্ণ পদে আছেন, যা এ দেশের কর্মীদের উচ্চমানের নির্দেশক। প্রসঙ্গত, উইলিয়াম গিবন ২০০৯ সালে এইচএসবিসি গ্রুপে যোগ দেন। তিনি বাংলাদেশসহ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৭টি দেশে এইচএসবিসির মানবসম্পদ বিভাগের সার্বিক দায়িত্বে আছেন। দীর্ঘ কর্মজীবনে তিনি এইচএসবিসিসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানেও দায়িত্ব পালন করেন। এর মধ্যে তিনি বার্কলেইস ব্যাংক ও মার্কস অ্যান্ড স্পেন্সারের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানেও কাজ করেছেন।