বাংলাদেশ এখন তিনটি পথের বাঁকে দাঁড়িয়ে
তিনটি পথের বাঁকে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। সবচেয়ে বাঁয়ে দ্রুত প্রবৃদ্ধি ও উন্নয়নের উজ্জ্বল পথ, সে পথে যেতে প্রয়োজন হবে দ্রুততর সঞ্চয়-বিনিয়োগ হার। আর এর ভিত্তি হতে হবে রাজনৈতিক সহনশীলতা ও দরিদ্রতর জনগোষ্ঠীর মানসম্মত শিক্ষা।তবে এই প্রবণতার পরিবর্তন না ঘটলে মাঝের পথেই থাকতে হবে। আবার রাজনীতিতে সমঝোতা না ঘটলে, শিক্ষার মানে অবনতি হলে, সঞ্চয়-বিনিয়োগ হার কমলে তৃতীয় পথটিতে (ডানে) নেমে যেতে পারে বাংলাদেশ, যেখানে প্রবৃদ্ধি ও উন্নয়ন স্থবির হওয়ার আশঙ্কা রয়েছে। এভাবেই বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়নকে মূল্যায়ন করেছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) পরিচালক রুশিদান ইসলাম রহমান। তাঁর রচিত ‘বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়ন: স্বাধীনতার পর ৪০ বছর’ গ্রন্থের প্রকাশনা উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি বাংলাদেশের আগামী দিনের সম্ভাব্য অগ্রযাত্রাকে এভাবেই মূল্যায়ন করেন। সাহিত্য প্রকাশ বইটি প্রকাশ করেছেবিআইডিএস মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে দেশের প্রথিতযশা অর্থনীতিবিদ ও গবেষকেরা বইটির ওপর আলোচনা করেন। সেমিনারে সভাপতিত্ব করেন বিআইডিএসের মহাপরিচালক মোস্তফা কে মুজেরী। সেমিনারে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য শামসুল আলম বইটির সমালোচনা করে বলেন, এতে সঞ্চয় ও বিনিয়োগ নিয়ে পর্যাপ্ত আলোচনা করা হয়নি। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য বৃদ্ধি ও অর্থের সরবরাহ বাড়ার কারণেই কি শুধু মূল্যস্ফীতি হয়েছে? এর পেছনের কারণগুলো খুঁজে বের করা উচিত। তাঁর মতে, ২০১২ সালে বাংলাদেশ জনসংখ্যা বোনাসের যুগে প্রবেশ করেছে। এই অবস্থা ২০৩৩-২০৩৪ সাল পর্যন্ত থাকবে। এই সুবিধা নেওয়া উচিত। ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন বলেন, ‘জনসংখ্যা ভবিষ্যতে কী হবে, কীভাবে মোকাবিলা করব সেটার দিকেই বেশি মনোযোগী হতে হবে। এখনই এসব বিষয় বিবেচনা করে সম্পদ বরাদ্দ দেওয়া উচিত। আর জনসংখ্যা নিয়ন্ত্রণে জনমত সৃষ্টি করা দরকার।’ মাহবুব হোসেনের মতে, শ্রমশক্তিতে পুরুষের চেয়ে নারীর অংশগ্রহণ তুলনামূলক বাড়ছে। এখন শুধু তৈরি পোশাক খাতে নয়, কৃষি খাতেও নারীশ্রমিকের সংখ্যা বাড়ছে। বিআইডিএসের সাবেক মহাপরিচালক কাজী শাহাবউদ্দিন বলেন, ‘খাদ্য নিরাপত্তা নিয়ে বইটিতে তেমন আলোচনা হয়নি। কেননা, দেশের পাঁচ কোটি লোক এখনো দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। এ ছাড়া আঞ্চলিক বৈষম্য নিয়ে আলোচনা করা হলেও ব্যক্তিগত আয়বৈষম্য নিয়ে খুব একটা আলোচনা হয়নি।’ একই অভিমত ব্যক্ত করেন আন্তর্জাতিক শ্রমসংস্থার (আইএলও) সাবেক বিশেষ উপদেষ্টা রিজওয়ানুল ইসলাম। তবে তিনি এও বলেন, এ দেশে বাংলায় খুব একটা অর্থনীতির বই লেখা হয় না। এই বইটি তাই অর্থনীতির শিক্ষার্থীদের উপকারে আসবে।