বাংলাদেশ এখন পুঁজিবাদের স্বর্গরাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ এখন পুঁজিবাদের স্বর্গরাজ্য। মুক্তবাজার অর্থনীতির প্রতি জোরালো সমর্থন রয়েছে—এমন শীর্ষ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অবস্থান করে নিয়েছে। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাময়িকী ফোর্বস প্রকাশিত এক প্রতিবেদনে এমন কথা লেখা হয়েছে।

প্রতিবেদনে পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক দুই দফা গবেষণা জরিপের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হয়েছে। সম্প্রতি গবেষণাপ্রতিষ্ঠানটি ৪৪টি দেশে মুক্তবাজারের সমস্যা ও সম্ভাবনা নিয়ে গবেষণা পরিচালনা করে। এ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ফোর্বস বাংলাদেশকে পুঁজিবাদের স্বর্গরাজ্য বলে উল্লেখ করেছে।

গবেষণা জরিপে মুক্তবাজার অর্থনীতির প্রতি দেশগুলোর সমর্থন এবং জনমতের আনুকূল্যের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। পুঁজিবাদ ও বাজার অর্থনীতির বিষয়ে ৪৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন দ্বিতীয়। মুক্তবাজার অর্থনীতির প্রতি বাংলাদেশের সমর্থন ৮০ শতাংশ। আর ৯৫ শতাংশের সমর্থনে ভিয়েতনাম এই তালিকার শীর্ষে অবস্থান করছে। তালিকায় বাংলাদেশের পরই অবস্থান করছে দক্ষিণ কোরিয়া, চীন ও ঘানা। দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত ও পাকিস্তানেও বৈদেশিক বিনিয়োগের জন্য উচ্চমাত্রার সমর্থন রয়েছে বলে গবেষণা জরিপে বলা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ ও মুক্তবাজারের প্রতি জোরালো জনসমর্থন বিদ্যমান। বাংলাদেশের মানুষ মনে করে, বৈদেশিক বিনিয়োগ নতুন সব কর্মসংস্থান সৃষ্টি করবে, কর্মীরা উচ্চ মজুরি পাবেন। বাংলাদেশের জনগণের মনোভাব বৈদেশিক বিনিয়োগের জন্য খুবই অনুকূল বলে উল্লেখ করা হয়েছে। মুক্তবাজারের প্রতি বাংলাদেশের অবস্থান ভারতের চেয়ে ৮ শতাংশ এবং পাকিস্তানের চেয়ে ১৮ শতাংশ বেশি। জরিপে অংশগ্রহণকারী বাংলাদেশের ৯১ শতাংশ লোক মুক্তবাণিজ্য বৃদ্ধির বিষয়ে ‘খুব ভালো’ বা ‘মোটামুটি ভালো’ বলে মত দিয়েছেন।

ফোর্বসের প্রতিবেদনে গত দুই দশকে বাংলাদেশে তৈরি পোশাকশিল্পের বিকাশের কথা উল্লেখ করা হয়েছে। তৈরি পোশাক রপ্তানির দিক থেকে চীনের পরই বাংলাদেশের অবস্থান। এই শিল্পের বিকাশ থেকে বাংলাদেশের জনগণের মনোভাব মুক্তবাজার অর্থনীতির প্রতি সমর্থনশীল হয়ে উঠেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।