বাংলাদেশকে সোনা চোরাচালানের আন্তর্জাতিক রুট বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, এ দেশের ওপর দিয়ে ভারতসহ অন্যান্য দেশে সোনা পাচার করা হয়।
সফররত এশিয়া-প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিংয়ের (এপিজি) প্রতিনিধিদলের সঙ্গে গতকাল বুধবার এক বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। ঢাকায় তাঁর হেয়ার রোডের সরকারি বাসভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এপিজির মুখ্য নির্বাহী কর্মকর্তা ডেভিড শ্যাননের নেতৃত্বাধীন দলটি ১১ অক্টোবর থেকে গতকাল পর্যন্ত অর্থ মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), জাতীয় রাজস্ব বোর্ডসহ (এনবিআর) বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেছে। সফরের শেষ পর্যায়ে আজ বৃহস্পতিবারও প্রতিনিধিদলটির কয়েকটি বৈঠক রয়েছে।
অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সোনা চোরাচালানের রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। সোনা চোরাচালান প্রতিরোধে এত দিন তেমন জোর দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে তেমন কাজও করা হয়নি।’ তবে ভবিষ্যতে সোনা চোরাচালান প্রতিরোধে গুরুত্ব দেওয়া হবে বলে জানান মুহিত।
সোনা চোরাচালান প্রতিরোধ নিয়ে অবশ্য হঠাৎ করেই কথা বলেননি অর্থমন্ত্রী। এপিজির প্রতিনিধিদলটি বৈঠকে এ বিষয়ে সরকারের গৃহীত পদক্ষেপগুলো জানতে চাওয়ার পরিপ্রেক্ষিতেই তিনি মুখ খোলেন।
সোনা চোরাচালান, অর্থ পাচার ও জঙ্গি অর্থায়ন প্রতিরোধ এবং হল-মার্ক ও বেসিক ব্যাংক কেলেঙ্কারি নিয়েও অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলেছে এপিজির প্রতিনিধিদল। অর্থমন্ত্রী অবশ্য কোন বিষয়ে দলটি কী জানতে চেয়েছে, তার পুরো চিত্র সাংবাদিকদের জানাননি।
তবে এপিজির দলটি সোনা চোরাচালান প্রতিরোধে ব্যর্থতাসহ চারটি ক্ষেত্রে বাংলাদেশের ঘাটতি থাকার কথা উল্লেখ করেছে বলে সাংবাদিকদের জানান মুহিত। ঘাটতির বাকি তিনটি ক্ষেত্র হচ্ছে সরকারি কেনাকাটায় দুর্বলতা, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোতে দুর্বলতা এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন-সংক্রান্ত তদন্তে দুদকের শিথিলতা। এসব বিষয়ে এপিজির দলকে অর্থমন্ত্রী যা বলেছেন, তা-ই পরে সাংবাদিকদেরও জানিয়েছেন।
সরকারি কেনাকাটায় দুর্বলতা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘এ বিষয়য়ে দুর্বলতা আছে। শিগগির আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।’ আর রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর সমস্যা সম্পর্কে এপিজি অবগত আছে বলে সাংবাদিকদের জানান অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর দুর্বলতা কাটিয়ে উঠতে আমি একটা পরিকল্পনা হাতে নিয়েছি। প্রধানমন্ত্রীর সঙ্গে আগে আলোচনা করব। তাঁর মতামত পাওয়া গেলে দুই মাসের মধ্যেই কিছু পদক্ষেপ নেওয়া হবে।’ মুহিত আরও জানান, মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নবিষয়ক তদন্তে দুদকের কার্যক্রম আগের তুলনায় কমে গেছে বলে এপিজি অভিযোগ তুলেছে।
বৈঠকের একটি সূত্র জানায়, প্রতিনিধিদলটির কাছে বাংলাদেশের কিছু প্রশংসাও জুটেছে। মাদক ও সোনা চোরাচালান মামলার তদন্ত, বিচারিক প্রক্রিয়ায় সহায়তা করতে এবং ব্যাংক জালিয়াতি মামলা কমাতে গত মাসে দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্তবিষয়ক মহাপরিচালককে প্রধান করে ছয় সদস্যের কমিটি গঠন করায় দলটি বাংলাদেশকে স্বাগত জানিয়েছে।
জানা গেছে, এপিজির প্রতিনিধিদলটি সফর শেষে বাংলাদেশের বিভিন্ন সংস্থার কার্যক্রম সম্পর্কে ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্সের (এফএটিএফ) কাছে প্রতিবেদন দেবে। ঢাকায় ২০১৬ সালে অনুষ্ঠেয় এপিজির বার্ষিক সভায় এই প্রতিবেদন উপস্থাপন করা হবে।
এপিজির কাজ হচ্ছে মানি লন্ডারিং ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন প্রতিরোধ-সংক্রান্ত আইনি দুর্বলতা ও ঝুঁকি মোকাবিলায় বিভিন্ন নির্দেশনা দেওয়া এবং সেগুলো বাস্তবায়নে বিভিন্ন দেশকে সহায়তা করা।