বাংলাদেশ ও ইইউর সম্পর্ক বিনিয়োগনির্ভর হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যমান সাহায্যনির্ভর সম্পর্ক থেকে বেরিয়ে এসে আগামী দশকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাংলাদেশের বিনিয়োগনির্ভর সম্পর্ক হওয়া উচিত। আর রপ্তানির বাজার সম্প্রসারণে তৈরি পোশাকের ওপর নির্ভরতা কমিয়ে সম্ভাবনাময় অন্য পণ্যগুলোর দিকে মনোযোগ দিতে হবে।বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এক সংলাপে গতকাল শনিবার বাংলাদেশ ও ইইউর সম্পর্কের ভবিষ্যৎ সম্পর্কে এসব কথা বলেন বক্তারা। স্থানীয় এক হোটেলে এ সংলাপের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সংস্থার বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। আর মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং ইইউর রাষ্ট্রদূত উইলিয়াম হান্না। অনুষ্ঠানে ব্যবসায়ী, বিশেষজ্ঞ, সাবেক কূটনীতিক ও রাষ্ট্রদূতেরা বক্তব্য দেন। রেহমান সোবহান তাঁর বক্তব্যে বলেন, শ্রমঘন খাতের পণ্য যাতে ইউরোপের বাজারসুবিধা পায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তাহলে ইউরোপের বাজারসুবিধা দারিদ্র্য বিমোচনে কাজে লাগবে ও টেকসই উন্নয়ন নিশ্চিত হবে। সংলাপের সুপারিশ সারসংক্ষেপ করে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এখন বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সম্পর্ক অনেক বেশি সাহায্যনির্ভর, বাণিজ্যনির্ভর নয়। আগামী এক দশকে এই অবস্থা থেকে বের হয়ে এসে বিনিয়োগনির্ভর হতে হবে। শুধু তৈরি পোশাক রপ্তানি নয়, জাহাজ নির্মাণ, ওষুধসহ রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে হবে। দেবপ্রিয়র মতে, বিনিয়োগ আকৃষ্ট করতে অভ্যন্তরীণ নীতি কাঠামো, মানবাধিকার সমুন্নত রাখা, অবকাঠামো উন্নয়ন ও দুর্নীতি দমনকে অধিক গুরুত্ব দিতে হবে। দুই পক্ষের সম্পর্ককে সরকারি পর্যায়ের বাইরে এনে বেসরকারি খাতকে আরও বেশি সম্পৃক্ত করা উচিত বলেও তিনি মনে করেন। আগামী এক দশকে দুই পক্ষের পারস্পরিক আগ্রহের ভিত্তিতে সম্পর্ক তৈরি হবে বলে মনে করেন উইলিয়াম হান্না। এ ছাড়া ইউরোপের ভোক্তারা যাতে বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখতে পারে—এমন মূল্যবোধকেই বেশি প্রাধান্য দেওয়া উচিত বলে তিনি জানান। মোস্তাফিজুর রহমান তাঁর প্রবন্ধে বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বাজার সম্প্রসারিত হচ্ছে। আবার আঞ্চলিক বাজারও বাড়ছে। এমন প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নের বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশে বিনিয়োগ আকৃষ্ট করতে পারে। কেননা, আঞ্চলিক বাজার ধরে ব্যবসা করার একটি সুযোগ তৈরি হতে যাচ্ছে। ডেনমার্কের রাষ্ট্রদূত এভিএনডি অলিন বলেন, বাংলাদেশের বিদেশি বিনিয়োগ আকর্ষণের বাধাগুলো হলো—সংঘাতময় রাজনীতি, অবকাঠামো দুর্বলতা ও আমলাতান্ত্রিক জটিলতা। এসব বাধা দূর করতে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা।সাবেক রাষ্ট্রদূত আশফাকুর রহমান উভয়পক্ষের পারস্পরিক নির্ভরশীলতার ভিত্তিতে সম্পর্ক গড়ার আহ্বান জানান। বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বলেন, এ দেশে বিনিয়োগ করতে তহবিল ব্যয় কমাতে হবে। তাহলে এ দেশের পণ্য আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগীসক্ষম হবে। এ ছাড়া এ দেশের ইমেজ সংকট রয়েছে, যা কাটাতে হবে। নিট পোশাক রপ্তানিকারক ও প্রস্তুতকারকদের সংগঠন বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক বলেন, পাকিস্তান বন্যায় ক্ষতিগ্রস্ত হলে সেখানকার শ্রমিকদের জন্য বাণিজ্যসুবিধা দিয়েছিল ইউরোপের দেশগুলো। কিন্তু বাংলাদেশ কখনো এ ধরনের সুযোগ পায়নি।