বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি কমানোর জন্য যোগাযোগব্যবস্থা আরও বাড়ানো উচিত। এ জন্য গভীর সমুদ্রবন্দর ও চীনের সঙ্গে সড়ক যোগাযোগের জন্য একটি যৌথ সমন্বয় সেল গঠনের পরামর্শ দিয়েছেন দেশের পররাষ্ট্র ও বাণিজ্যবিষয়ক বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে হলে বিনা শুল্কে প্রবেশাধিকার পাওয়া বাংলাদেশি পণ্যের মধ্যে চীনা বাজারে সম্ভাবনাময় পণ্যগুলো চিহ্নিত করে এর গুণগত মান উন্নত করতে হবে। বিদ্যমান শ্রমসুবিধা কাজে লাগাতে চীনের উদ্যোক্তারা তাঁদের শিল্পকারখানা বাংলাদেশে স্থানান্তর করতে পারে বলে তাঁরা মনে করেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্কবিষয়ক গোলটেবিল বৈঠকে বক্তারা গতকাল এসব কথা বলেন। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রধান অতিথি ছিলেন। ঢাকায়চীনের রাষ্ট্রদূত ঝেং সিয়াংই বিশেষ অতিথি ছিলেন।বিআইআইএসএসের মহাপরিচালক ইমরুল কায়েসের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে পৃথকভাবে তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রোকসানা কিবরিয়া, বিআইআইএসএসের ঊর্ধ্বতন গবেষক মাহ্ফুজ কবির ও বাংলাদেশে চীনা দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলর ঝেং জিয়াওই। আরও বক্তব্য দেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির, সাবেক বাণিজ্যসচিব সোহেল আহমেদ চৌধুরী প্রমুখ। শিল্পমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি ও আর্থ-সামাজিক উন্নয়ন বেগবান করতে চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ। তিনি আরও জানান, জাতীয় স্বার্থ সমুন্নত রেখে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য বর্তমান সরকার কাজ করছে। চীনা রাষ্ট্রদূত ঝেং সিয়াংই বলেন, বাংলাদেশের সঙ্গে কানেকটিভিটি চায় চীন। দ্রুত সেবা ও পণ্য পরিবহনের জন্য অবকাঠামো উন্নয়ন করতে হবে।বাংলাদেশে গভীর সমুদ্রবন্দর নির্মাণেও আগ্রহী চীন। এ জন্য চীনা প্রতিষ্ঠানগুলো অপেক্ষায় রয়েছে বলে তিনি জানান। তিনি জানান, সরকারি-বেসরকারি অংশীদারি, নির্মাণ-মালিকানা-পরিচালনা-হস্তান্তর এবং নির্মাণ-পরিচালনা-হস্তান্তর এই তিন পদ্ধতিতেই গভীর সমুদ্রবন্দর নির্মাণ করা যেতে পারে।