বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সরাসরি বিমান পরিবহনে চুক্তি সই
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সরাসরি বিমান চালাতে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। এর আগে গত মঙ্গলবার তুরস্কের রাজধানী আঙ্কারায় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে একটি দ্বিপক্ষীয় বিমান চলাচল চুক্তি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদীর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। বাংলাদেশ প্রতিনিধিদলে ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার কমোডর মাহমুদ হোসেন ও সহকারী পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী এবং আঙ্কারার বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব শাহ আসিফ রহমান। বৈঠকে তুরস্ক সিভিল এভিয়েশনের মহাপরিচালক আলী আরুদুরুর নেতৃত্বে নয় সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল অংশ নেয়।বৈঠকে উভয় দেশের প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ আলোচনার পর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে দুই দেশের মধ্যে সরাসরি বিমান পরিচালনার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় বলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।