বাংলাদেশ ও ভারত বস্ত্র খাত নিয়ে চুক্তি করতে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বস্ত্র খাতে সহযোগিতা বাড়াতে ভারতের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে বাংলাদেশ।
এ চুক্তির আওতায় ফ্যাশন প্রযুক্তিতে সহযোগিতা ও দক্ষতা বিনিময়; উৎপাদন দক্ষতার উন্নয়ন; ব্যবস্থাপনা কৌশল, প্রশিক্ষণসহ বস্ত্র খাতের উন্নয়নে কৌশলগত-বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
এ ছাড়া প্রতিবছর বাণিজ্যিক প্রদর্শনী ও ক্রেতা-বিক্রেতার মধ্যে সভা আয়োজন এবং বাংলাদেশ থেকে নির্দিষ্ট পরিমাণ পাট ও পাটজাত পণ্য ভারতে রপ্তানির সুযোগও চুক্তিটির আওতাভুক্ত থাকবে।
ভারতের বস্ত্রমন্ত্রী কে এস রাওয়ের আমন্ত্রণে ১৯ আগস্ট বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী দিল্লি সফর করবেন। ওই সফরে এই সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন। গত শুক্রবার পাঠানো কমিশনের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, দুই বস্ত্রমন্ত্রী দুই দেশের বস্ত্র ও পাট খাতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।
বাংলাদেশ গত ২০১২-১৩ অর্থবছরে ভারতে ৫৬ কোটি ৩৯ লাখ ডলারের পণ্য রপ্তানি করে; যার ৫০ শতাংশের বেশিই ছিল পাট ও বস্ত্র খাতের পণ্য। এ সময়ে ভারতে বাংলাদেশের সার্বিক পণ্য রপ্তানিতে ১৩ দশমিক ১৫ শতাংশ প্রবৃদ্ধি হলেও কাঁচা পাট রপ্তানিতে প্রবৃদ্ধি হয় ১৭ দশমিক ৫ শতাংশ।
ওই বছর ১৩ কোটি ৩৯ লাখ ডলারের কাঁচাপাট রপ্তানি হয়। আগের বছর রপ্তানির পরিমাণ ছিল ১১ কোটি ৩৯ লাখ ডলার। একই সময়ে পাটজাত পণ্য রপ্তানি আগের বছরের সাত কোটি ৩৩ লাখ ডলার থেকে বেড়ে দাঁড়ায় সাত কোটি ৮২ লাখ ডলার।
২০১১ সালের সেপ্টেম্বরে ভারত বাংলাদেশি তৈরি পোশাকের ওপর থেকে শুল্ক তুলে নেয়। সে কারণে ২০১১-১২ অর্থবছরে ওভেন ও নিট পোশাক রপ্তানিতে ৫৩ শতাংশ প্রবৃদ্ধি হয়। আর গত অর্থবছরে এই খাতে আগের বছরের তুলনায় ৩৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি হয়।