বাংলাদেশ ও ভারত যৌথভাবে পাটকলের যন্ত্রাংশ তৈরি করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বছর থেকে বাংলাদেশ ও ভারত যৌথভাবে পাটকলের যন্ত্রাংশ তৈরি করবে।এ লক্ষ্যে বাংলাদেশ পাটকল সংস্থা (বিজেএমসি) এবং ভারতের লগন ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের মধ্যে ১০ বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক সই হয়েছে।ঢাকায় বিজেএমসির কার্যালয়ে গতকাল বুধবার এই সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। বিজেএমসির চেয়ারম্যান টি ডি মিত্র এবং লগনের ব্যবস্থাপনা পরিচালক অনিরুধ কাজারিয়া নিজ নিজ সংস্থার পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দেশে সরকারি ও বেসরকারি উভয় খাত মিলিয়ে প্রায় ২০০টি পাটকল থাকলেও খুচরা যন্ত্রাংশ তৈরির কারখানা আছে মাত্র একটি। চট্টগ্রামে অবস্থিত গালফ্রা হাবিব লিমিটেড নামের এই কারখানায় আবার আধুনিক প্রযুক্তি না থাকায় দেশীয় পাটকলগুলোতে যন্ত্রাংশের বিপুল চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। সে জন্য উৎপাদন ক্ষমতা বাড়িয়ে প্রতিষ্ঠানটিকে লাভজনক করতে ভারতভিত্তিক লগন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে যৌথভাবে কাজ করার উদ্যোগ নেওয়া হয়।বিজেএমসির এক কর্মকর্তা প্রথম আলোকে জানান, এই সমঝোতা স্মারক অনুযায়ী লগন সাড়ে তিন কোটি রুপি বিনিয়োগ করবে। একই সঙ্গে তারা তাদের প্রযুক্তি ও বিশেষজ্ঞ দিয়ে সহায়তা করবে। প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য যৌথ ব্যবস্থাপনা পর্ষদ গঠন করা হবে। আগামী বছরই যৌথ ব্যবস্থাপনায় এতে উৎপাদন শুরু হবে।টি ডি মিত্র প্রথম আলোকে বলেন, বর্তমানে গালফ্রা হাবিবে যে যন্ত্রাংশ তৈরি হয় তা দিয়ে মাত্র ১০ থেকে ১৫ শতাংশ চাহিদা মেটানো যায়। লগনের সঙ্গে চুক্তির ফলে আগামী বছর থেকে খুচরা যন্ত্রাংশ দেশের বাইরে থেকে আমদানি করতে হবে না। এ ছাড়া সমঝোতা স্মারক অনুযায়ী ২০১৭ সাল থেকে দেশেই পাটকলের মেশিন তৈরি হবে। এতে দেশের পাট খাত গতি পাবে বলে মনে করেন তিনি।টি ডি মিত্র আরও বলেন, দেশের পাটকলগুলোর যন্ত্রাংশ ৫০ থেকে ৬০ বছরের পুরোনো। বারবার মেরামত করেও আর বেশি দিন এগুলো চালানো সম্ভব নয়।সমঝোতা স্মারক অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটসচিব মো. আশরাফুল মকবুল, লগন ইঞ্জিনিয়ারিং কোম্পানির চেয়ারম্যান সঞ্জয় কাজারিয়া প্রমুখ।