দুই দশক ধরে চীন বিশ্ব বস্ত্র খাতের নেতৃত্ব দিয়ে আসছে। তবে সম্প্রতি দেশটির সরকার উচ্চপ্রযুক্তিনির্ভর পণ্য উৎপাদনের দিকে বিশেষ নজর দিচ্ছে, বস্ত্র খাতকে কিছুটা নিরুৎসাহিত করছে। এর ফলে লাভবান হবে বাংলাদেশ ও ভারত। তাদের রপ্তানি বাজার বাড়বে। ভারতের অন্যতম পত্রিকা বিজনেস স্ট্যান্ডার্ড সম্প্রতি এক প্রতিবেদনে এ পর্যবেক্ষণ তুলে ধরেছে। প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সরকার দেশটির বস্ত্র কারখানাগুলোকে বলে দিয়েছে, তারা তুলা আমদানি করতে পারবে। তবে যে পরিমাণ তুলা নিজেরা আমদানি করবে, তার দ্বিগুণ সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে সংগ্রহ করতে হবে। চীন সরকার সুতা আমদানি বাড়ানোর দিকেও মনোযোগী হয়েছে। আর সেটি উচ্চমূল্যের পোশাক তৈরির দৃষ্টিকোণ থেকে হতে হবে। কনফেডারেশন অব ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রির মহাসচিব ডি কে নাইর বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেছন, আসলে চীন ধীরে ধীরে বস্ত্র খাত থেকে বেরিয়ে যেতে চাইছে। আগামী ১৫ বছরের মধ্যে তারা এটি করে ফেলবে। বর্তমানে ভারত হোম টেক্সটাইল ও সুতার বাজার নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে বাংলাদেশের দখলে আছে তৈরি পোশাকের বাজার। চীনের এ সিদ্ধান্তের কারণে ইতিমধ্যে বাংলাদেশ ও ভারতে প্রচুর কার্যাদেশ আসছে। আবার চলতি ২০১২-১৩ অর্থবছরে ভারতের সুতা রপ্তানি প্রায় ১০০ কোটি কেজি বেড়ে যাবে। এটির মূল কারণ, চীন সুতা উৎপাদনের সক্ষমতা হ্রাস করেছে। আবার তুলা আমদানিও কমিয়ে দিয়েছে। বিজনেস স্ট্যান্ডার্ড বলছে, ভারত সাম্প্রতিক কালে বাংলাদেশের কাছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশের অবস্থানটি হারিয়েছে। কারণ, ইউরোপ ও আমেরিকার বাজারের বিরাট অংশ দখল করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। এটি সম্ভব হয়েছে সস্তা শ্রমের জন্য। ভারতের চেয়ে বাংলাদেশের উৎপাদন খরচ ২০ শতাংশ কম। এখন চীন ও বাংলাদেশের পর ভারত হচ্ছে তৃতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ।বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) তথ্য উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ সালে ভারত ১৩ হাজার ৪০০ কোটি ডলারের পোশাক রপ্তানি করে। একই সময়ে এ খাতে বাংলাদেশের রপ্তানি আয় ছিল ১৯ হাজার কোটি ডলার। আবার ভারতের পোশাক রপ্তানি উন্নয়ন সংস্থার দেওয়া তথ্যমতে, ২০১১-১২ অর্থবছর দেশটির পোশাক রপ্তানি আয় প্রায় ১৩ হাজার ৫০০ কোটি ডলার। ভারতীয় প্রতিষ্ঠান অরবিন্দের ব্যবস্থাপনা পরিচালক সঞ্জয় লালভাই বলেন, কয়েক বছরে পোশাক রপ্তানির বাজার বাংলাদেশের দিকে চলে এসেছে। তাই ভারতীয় পোশাক প্রস্তুতকারকেরা অভ্যন্তরীণ বাজারের ওপর অধিক নির্ভরশীল হয়ে পড়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক মুম্বাইভিত্তিক এক বস্ত্রকলের প্রধান অর্থ কর্মকর্তা বলেন, চলতি দশকটি ভারতের বস্ত্রশিল্পের জন্য একটি সুযোগ। চীনারা ভারতে আসছেন। এখন এটি কাজে লাগাতে হবে।প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশ ও ভারতের পাশাপাশি তুরস্কও বিশ্ব পোশাকের বাজারে জোরালো অবস্থান তৈরি করে নিচ্ছে।