বাংলাদেশ কলকাতা বাণিজ্য মেলায় সেরা প্যাভিলিয়নের পুরস্কার পেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩তম কলকাতা শিল্প ও বাণিজ্য মেলায় এবার সেরা প্যাভিলিয়নের পুরস্কার পেয়েছে বাংলাদেশ। কলকাতার বাইপাস ও পার্ক সার্কাস কানেক্টরের সামনে মিলন মেলা ময়দানে আয়োজিত এ মেলার সমাপনী অনুষ্ঠানে ভারতীয় লোকসভার সাবেক স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় গত শনিবার বিকেলে কলকাতার বাংলাদেশের উপ-দূতাবাসের বাণিজ্যসচিব মো. ওমর ফারুকের হাতে এই পুরস্কার তুলে দেন।গতকাল রোববার এ মেলা শেষ হয়েছে, যা শুরু হয় গত ২৪ ডিসেম্বর। পশ্চিমবঙ্গ সরকার ও বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএনসিসিআই) যৌথভাবে এ মেলার আয়োজন করে। এ মেলার উদ্বোধন করেন ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের ভূমিমন্ত্রী মো. রেজাউল করিম ও ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান।সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনসিসিআইয়ের সভাপতি ও পিয়ারলেসের কর্ণধার এস কে রায়।অনুষ্ঠানে মেলা কমিটির চেয়ারম্যান সমীর কুমার ঘোষ জানান, এবারে মোট সাত লাখ দর্শক মেলা দেখেছেন। মেলায় বিভিন্ন স্টলে পণ্য বিক্রি হয়েছে অন্তত ৫৪ কোটি রুপির। সোমনাথ চট্টোপাধ্যায় বলেন, ‘এবারে বাংলাদেশ ফোকাস কান্ট্রি হওয়ায় পশ্চিমবঙ্গে এই মেলার গুরুত্ব বেড়ে যায়। বাংলাদেশ আমাদের বন্ধু দেশ। আশা করি, এই মেলার মাধ্যমে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে এবং দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য উত্তরোত্তর বৃদ্ধি পাবে।’এবারের মেলায় ফোকাস কান্ট্রি ছিল বাংলাদেশ। এতে স্বাগতিক ভারতসহ বিভিন্ন দেশের মোট ৭৫০টি শিল্পপ্রতিষ্ঠান এ মেলায় যোগ দেয়। অন্যান্য দেশগুলোর মধ্যে রয়েছে— চীন, পাকিস্তান, ভুটান, মিশর ও ভিয়েতনাম।মেলায় বাংলাদেশের ৪০টি শিল্পপ্রতিষ্ঠান যোগ দিয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— অ্যাকমি এগ্রোভেট ও বেভারেজ, মৌসুমী ইন্ডাস্ট্রিজ, হক ব্রাদার্স, এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি, শরীফ ম্যালামাইন, ডায়মন্ড ম্যালামাইন, সোহাগ ম্যালামাইন, গ্রামীণা, নকশী, দীনা বাটিক, ফেয়ার ইন্টারন্যাশনাল, নৈবেদ্য, বেবিক্যাম্প, এ আর টেক্স, স্পাডিক্স লিমিটেড, ইরাদা বাটিক হাউস, চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স, সিনথিয়া ইন্টারন্যাশনাল, নুনাজ ইন্টারন্যাশনাল। এ ছাড়া বাংলাদেশি সিল্ক ও জামদানি শাড়ির বেশ কটি প্রতিষ্ঠান মেলায় অংশ নেয়। প্রসঙ্গত, সাভারের জাতীয় স্মৃতি সৌধকে সামনে রেখে ঢাকার আহসান মঞ্জিলের আদলে এবারে বাংলাদেশ প্যাভিলিয়ন নির্মাণ করা হয়।