ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো তাদের দেশে আমদানির ক্ষেত্রে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার সুবিধা বা জিএসপি (জেনারালাইজড স্কিম অব প্রেফারেন্স) সংশোধন করেছে। আগামী ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে নতুন এই জিএসপি বাস্তবায়ন শুরু হবে।এতে ইইউভুক্ত দেশগুলোতে বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে বলে মনে করা হচ্ছে।বর্তমানে ১৭৬টি উন্নয়নশীল, স্বল্পোন্নত দেশ ও ভূখণ্ড ইইউতে অগ্রাধিকার সুবিধা পায়। নতুন স্কিমে এর সংখ্যা কমিয়ে ৮৯টি দেশ ও ভূখণ্ডের জন্য জিএসপি সুবিধা রাখা হয়েছে। বাকি ৮৭টি দেশ ও ভূখণ্ডের আর্থিক অবস্থার উন্নতি হওয়ায় ইইউ তাদের অগ্রাধিকার সুবিধা দেওয়ার তালিকা থেকে বাদ দিয়েছে।নতুন স্কিমে এখন থাকছে ৮৯টি দেশ। এর মধ্যে বাংলাদেশসহ ৪৯টি স্বল্পোন্নত দেশ এবং ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ ৪০টি উন্নয়নশীল দেশ রয়েছে।তবে স্বল্পোন্নত দেশগুলোর জন্য সব সুবিধা আগের মতোই থাকবে। অর্থাৎ জিএসপি সুবিধার আওতায় অস্ত্র ছাড়া সবকিছুই ইইউতে রপ্তানি করতে পারবে স্বল্পোন্নত দেশগুলো। কিন্তু ৪০টি উন্নয়নশীল দেশের ক্ষেত্রে কিছু নতুন করে পরীক্ষা-নিরীক্ষার শর্ত দিয়েছে ইইউ। যেমন, শ্রম ইস্যুতে ইইউ এখন থেকে কেবল আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর মানদণ্ডের ওপরই নির্ভর করবে না। নিজেরাও পর্যবেক্ষণ করবে। তার ভিত্তিতে জিএসপি সুবিধা দেওয়া হবে।নতুন জিএসপি সুবিধাতে কী লাভ হবে জানতে চাইলে নিট পোশাক মালিক সমিতির (বিকেএমইএ) সাবেক সভাপতি ফজলুল হক প্রথম আলোকে বলেন, ‘আমরা আগের চেয়ে কম প্রতিযোগিতার সম্মুখিন হব।’যেসব দেশ ও ভূখণ্ড ইইউর জিএসপি তালিকা থেকে বাদ যাচ্ছে তার মধ্যে ৩৩টি দেশ ও ভূখণ্ড আছে, যারা ইইউ অঞ্চলের। বাজার ব্যবস্থার ক্ষেত্রে তাদের নিজস্ব নিয়মনীতি আছে এবং তারা ইইউতে জিএসপি নিয়ে প্রবেশও করে না। ৩৪টি দেশ আছে যাদের সঙ্গে ইইউর বাণিজ্য চুক্তি আছে। যার আওতায় এই দেশগুলো জিএসপির মতো শুল্কমুক্ত সুবিধা পেয়ে থাকে। এই রাষ্ট্রগুলো ইউরোপের আশপাশে, ক্যারিবিয়া, আফ্রিকান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত। এর বাইরে আটটি উচ্চ আয়ের দেশ রয়েছে বাদ দেওয়া তালিকায়। এগুলো সবই মধ্যপ্রাচ্য ও প্রাচ্য এশীয় অঞ্চলের দেশ।আরও ১২টি উচ্চ মধ্য আয়ের দেশ রয়েছে বাদের তালিকায়। এগুলোর মধ্যে মালয়েশিয়া, ব্রাজিল, রাশিয়া, আর্জেন্টিনা উল্লেখযোগ্য।