বাংলাদেশ কোটামুক্ত সুবিধা চেয়ে আশ্বাসের বদলে পেয়েছে পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) চতুর্থ বাণিজ্যনীতি পর্যালোচনা বৈঠকে (টিপিআর) বাংলাদেশ পণ্য রপ্তানিতে উন্নত দেশগুলোর কাছে কোটামুক্ত প্রবেশাধিকার দাবি করলেও কোনো আশ্বাস পায়নি। শিল্পোন্নয়নে অর্থনৈতিক ও কারিগরি সহায়তার ব্যাপারেও উন্নত দেশগুলো কিছু বলেনি।বৈঠকে উন্নত দেশগুলোর প্রতিনিধিরা বাংলাদেশকে বাণিজ্য পরিবেশের জন্য অবকাঠামো খাতের উন্নয়ন ও প্রবাসী-আয়কে (রেমিট্যান্স) উৎপাদনশীল খাতে কাজে লাগানোর উপায় উদ্ভাবনে নজর দেওয়ার তাগিদ দেন।সুইজারল্যান্ডের জেনেভায় ১৫ ও ১৭ অক্টোবর ডব্লিউটিওর এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের বাণিজ্য-সহায়ক পরিবেশ উন্নয়নের সর্বশেষ অগ্রগতির চিত্র তুলে ধরা হয়। বৈঠকে বাংলাদেশের বাণিজ্যসচিব মো. গোলাম হোসেনের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল যোগ দেয়। প্রতিনিধিদলটি শুক্রবার দেশে ফিরে আসে। তবে বৈঠকে উন্নত দেশগুলোর প্রতিনিধিরা বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) স্থিতিশীল প্রবৃদ্ধি ও বাণিজ্য পরিবেশের উন্নতিতে সন্তোষ প্রকাশ করেন। তাঁদের মতে, স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) সমন্বয়ক হিসেবেও বাংলাদেশ ভালো ভূমিকা পালন করেছে। বর্তমান সরকারের বাণিজ্যনীতি ও ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠা করার অঙ্গীকার তুলে ধরা হয় টিপিআর বৈঠকে। টিপিআর বৈঠকে যোগদানকারী প্রতিনিধিদলের একাধিক সদস্য প্রথম আলোকে জানান, ডব্লিউটিওর এই বৈঠকের একটি অধিবেশনে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত ও বাংলাদেশের বাণিজ্যনীতি পর্যালোচনার প্রধান আলোচক ফাইজেল ইসমাইল বাংলাদেশকে ‘অগ্রগতির পথে বাংলার বাঘ’ বলে আখ্যায়িত করেন। তিনি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিসহ বাণিজ্য ও উন্নয়নচিত্র নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। এ ছাড়া বাংলাদেশের প্রবৃদ্ধি, বাণিজ্যনীতি, কর ব্যবস্থাপনা, শুল্ক ব্যবস্থাপনা আধুনিকায়নেও সন্তোষ প্রকাশ করেন তিনি।এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকের আরেকটি অধিবেশনে বাণিজ্যসচিব বিশ্বমন্দার সময়ও বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতার পেছনের কারণগুলো উল্লেখ করেন। বাংলাদেশসহ ২৬টি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা টিপিআর বৈঠকে যোগ দেন। বাংলাদেশের সর্বশেষ বাণিজ্যনীতি পর্যালোচনা হয়েছিল ২০০৬ সালে। এবার হলো চতুর্থবারের মতো। যোগাযোগ করলে বাণিজ্যসচিব গোলাম হোসেন গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘খুবই সফল একটি বৈঠক হয়েছে। ডব্লিউটিওর সদস্য দেশগুলো আমাদের পরিবর্তনগুলোর ব্যাপারে ইতিবাচক মন্তব্য করেছে। আমাদের আমদানিনীতি, রপ্তানিনীতি, উৎপাদিত পণ্যের মান, পর্যটনশিল্প, আইনি পদ্ধতি, সেবা খাত এমনকি রাষ্ট্রব্যবস্থার প্রতি সন্তোষ প্রকাশ করেছেন তাঁরা। তবে আরও ভালো করার পরামর্শও দিয়েছেন।’ টিপিআর প্রতিনিধিদলে যোগদানকারী বাংলাদেশ ট্যারিফ কমিশনের সদস্য মোস্তফা আবিদ খান প্রথম আলোকে বলেন, ‘সবাই একবাক্যে প্রবৃদ্ধির হার ৬ শতাংশের ওপরে থাকায় প্রশংসা করেছেন। পাশাপাশি কিছু চ্যালেঞ্জের কথাও মনে করিয়ে দিয়েছেন। যেমন: অবকাঠামো খাত ও তথ্যপ্রযুক্তি খাতে পিছিয়ে থাকা এবং আমদানি পণ্যে সম্পূরক শুল্ক বিষয়ে পর্যালোচনা করা।’