বাংলাদেশ ছেড়ে চলে যেতে চায় শেভরন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ দেশে থাকা সম্পদ ২০০ কোটি ডলারে বিক্রি করতে চায় মার্কিন কোম্পানিটি, এ নিয়ে আলোচনা চলছে

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম তেল কোম্পানি শেভরন বাংলাদেশে তাদের যে সম্পদ আছে, তা বিক্রির পরিকল্পনা হাতে নিয়েছে। এ বিষয়ে ‘বাণিজ্যিক আলোচনা’ চলছে বলে কোম্পানিটি নিশ্চিত করেছে।

আন্তর্জাতিক বাজারে অনেক দিন ধরেই জ্বালানির দাম পড়তির দিকে। এ অবস্থায় বাংলাদেশ থেকে নিজেদের গুটিয়ে নেওয়ার পথে এগোচ্ছে শেভরন। তবে এখনো সম্পদ বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ প্রসঙ্গে শেভরন গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, ‘আমরা বাংলাদেশে আমাদের সম্পদের বিপরীতে আকর্ষণীয় দাম পেলেই কেবল তা বিক্রি চূড়ান্ত করব।’

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক এই কোম্পানি গত বছরের অক্টোবরে জানায়, তারা ২০১৭ সাল নাগাদ প্রায় ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি মার্কিন ডলারের সমমূল্যের সম্পদ বিক্রির পরিকল্পনা করছে।

অপরিশোধিত জ্বালানির দাম কমে যাওয়া এবং পরিশোধিত জ্বালানিরও ভালো দাম না পাওয়ায় শেভরন তার সম্পদ বিক্রি করতে চায়।

এর আগে ব্লুমবার্গ এক প্রতিবেদনে বলেছে, বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস খাতে শেভরনের যে সম্পদ আছে, তা ২০০ কোটি ডলারে বিক্রি করতে চায় কোম্পানিটি। বিষয়টির সঙ্গে জড়িত ব্যক্তিদের বরাত দিয়ে এমন তথ্য পরিবেশন করে ব্লুমবার্গ।

এদিকে শেভরনের বাংলাদেশের সম্পদ কেনার ব্যাপারে ভারত ও চীনা তেল কোম্পানিগুলো আগ্রহ দেখিয়েছে বলেও ব্লুমবার্গের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শেভরনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী তারা বাংলাদেশের পূর্বাঞ্চলে তিনটি গ্যাসফিল্ড থেকে প্রাকৃতিক গ্যাস ও কনডেনসেট উত্তোলনের কাজে নিয়োজিত।

শেভরনের বাংলাদেশ কার্যক্রমের একজন কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার বলেন, ‘প্রধান কার্যালয়ের উচ্চপর্যায়ে বাংলাদেশের সম্পদ বিক্রি নিয়ে আলোচনা চললেও এ বিষয়ে পর্যাপ্ত তথ্য আমাদের জানা নেই।’