ডিসিসিআইয়ের সঙ্গে টোকিও চেম্বারের বৈঠক
বাংলাদেশ-জাপানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাণিজ্য বাড়াতে ভূমিকা রাখবে

টোকিও চেম্বার অব কমার্সের সঙ্গে জাপান সফররত ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) প্রতিনিধিদের দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার টোকিওতে এই আলোচনা অনুষ্ঠিত হয় বলে ডিসিসিআই সূত্রে জানা গেছে।ডিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা চেম্বারের সভাপতি মো. সবুর খান ও টোকিও চেম্বার অব কমার্সের সভাপতি টোসিও নাকামোরা আলোচনায় উপস্থিত ছিলেন। জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর রাশেদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সবুর খান বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি বলেন, বাণিজ্য সম্প্রসারণে ঢাকা চেম্বার ‘ডিসিসিআই হেল্প ডেস্ক’ খোলার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে বিভিন্ন দেশের ব্যবসায়ীদের পাশাপাশি বাংলাদেশি ব্যবসায়ীরা নিজেদের কাঙ্ক্ষিত উদ্যোক্তা খুঁজে পাবেন। প্রযুক্তি, নবায়ণযোগ্য জ্বালানি, বায়ুবিদ্যুত্, অবকাঠামো, পর্যটন, যোগাযোগ, কৃষি ও কৃষিজাত পণ্য এবং ওষুধ খাতে জাপানের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান তিনি। টোকিও চেম্বার অব কমার্সের সভাপতি টোসিও নাকামোরা বাংলাদেশে বিনিয়োগে ইচ্ছা প্রকাশ করেন। তবে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।