বাংলাদেশ জুট অ্যান্ড কমোডিটি এক্সচেঞ্জের নাম পরিবর্তনের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জুট অ্যান্ড কমোডিটি এক্সচেঞ্জ লিমিটেডের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ রোববার প্রতিষ্ঠানটির চেয়ারম্যানকে এই নির্দেশ দিয়েছে বিএসইসি।

বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রতিষ্ঠানটির নামের সঙ্গে ‘কমোডিটি এক্সচেঞ্জ’ নাম ব্যবহার আইনের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তাদের নাম পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে।

এ দিকে বিএসইসির ওই নির্দেশে বলা হয়, ‘বাংলাদেশ জুট অ্যান্ড কমোডিটি এক্সচেঞ্জ লিমিটেড নামটি কমোডিটি এক্সচেঞ্জ ব্যবসার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় বিভিন্ন ধরনের সংশয়, সন্দেহ ও ভুল-বোঝাবুঝি তৈরি হয়েছে। কমিশনের অনুমোদন ব্যতীত কমোডিটি এক্সচেঞ্জ নাম প্রতিষ্ঠানের নামের শুরুতে অথবা শেষে ব্যবহার সংশ্লিষ্ট আইনের সঙ্গে সাংঘর্ষিক।’

জরুরি ভিত্তিতে প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে সংশ্লিষ্ট জাতীয় পত্রিকায় সংশোধনী প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে ওই পত্রে। একই সঙ্গে উইকিপিডিয়ার ওয়েব পেজের অনলাইন ভার্সনে এশিয়ার দেশগুলোর তালিকা থেকে বাংলাদেশ জুট অ্যান্ড কমোডিটি এক্সচেঞ্জ লিমিটেড নাম প্রত্যাহার করে কমিশনকে অবহিত করার নির্দেশ দেওয়া হয় ওই পত্রে।
বিএসইসি সূত্রে জানা যায়, ৩ নভেম্বর ‘বাংলাদেশ জুট অ্যান্ড কমোডিটি এক্সচেঞ্জ লিমিটেড’ নামে পত্রিকায় বিজ্ঞাপন দেয় প্রতিষ্ঠানটি। বিষয়টি বিএসইসির নজরে এলে কমিশন প্রতিষ্ঠানটির নাম পরিবর্তনের এই নির্দেশ দেয়।