বাংলাদেশ জুট এক্সচেঞ্জ লিমিটেড নাম প্রস্তাব
বাংলাদেশ জুট অ্যান্ড কমোডিটি এক্সচেঞ্জ লিমিটেডের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ জুট এক্সচেঞ্জ লিমিটেড’ প্রস্তাব করেছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবটি আজ বিএসইসিতে পৌঁছেছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।
এর আগে গত রোববার বাংলাদেশ জুট অ্যান্ড কমোডিটি এক্সচেঞ্জ লিমিটেডের নাম পরিবর্তনের নির্দেশ দেয় বিএসইসি।
বিএসইসির ওই নির্দেশে বলা হয়, ‘বাংলাদেশ জুট অ্যান্ড কমোডিটি এক্সচেঞ্জ লিমিটেড নামটি কমোডিটি এক্সচেঞ্জ ব্যবসার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় বিভিন্ন ধরনের সংশয়, সন্দেহ ও ভুল-বোঝাবুঝির উদ্ভব হয়েছে। কমিশনের অনুমোদন ব্যতীত কমোডিটি এক্সচেঞ্জ নাম প্রতিষ্ঠানের নামের শুরুতে অথবা শেষে ব্যবহার সংশ্লিষ্ট আইনের সঙ্গে সাংঘর্ষিক।’
জরুরি ভিত্তিতে প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে সংশ্লিষ্ট জাতীয় পত্রিকায় সংশোধনী প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে ওই পত্রে। একই সঙ্গে উইকিপিডিয়ার ওয়েব পেজের অনলাইন ভার্সনের এশিয়ার দেশগুলোর তালিকা থেকে বাংলাদেশ জুট অ্যান্ড কমোডিটি এক্সচেঞ্জ লিমিটেড নাম প্রত্যাহার করে কমিশনকে অবহিত করার নির্দেশ দেওয়া হয় ওই পত্রে।
বিএসইসি সূত্রে জানা যায়, ৩ নভেম্বর ‘বাংলাদেশ জুট অ্যান্ড কমোডিটি এক্সচেঞ্জ লিমিটেড’ নামে পত্রিকায় বিজ্ঞাপন দেয় প্রতিষ্ঠানটি। বিষয়টি বিএসইসির নজরে এলে কমিশন প্রতিষ্ঠানটির নাম পরিবর্তনের এই নির্দেশ দেয়। এরই পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ জুট এক্সচেঞ্জ লিমিটেড করার প্রস্তাব দেওয়া হয়।