বাংলাদেশ ট্রেড পোর্টালের যাত্রা শুরু হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল বাংলাদেশ ট্রেড পোর্টালের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ l প্রথম আলো
রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল বাংলাদেশ ট্রেড পোর্টালের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ l প্রথম আলো

বাংলাদেশ ট্রেড পোর্টাল (বিটিপি) চালু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে অর্থায়ন করেছে বিশ্বব্যাংক। এই পোর্টালে পণ্য রপ্তানি ও
আমদানি সম্পর্কিত সব ধরনের তথ্য রয়েছে।
রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল রোববার বিকেলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ পোর্টালটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, অতিরিক্ত বাণিজ্যসচিব কাজী সালাউদ্দিন আকবর, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ, ট্রেড কম্পিটেটিভনেস গ্লোবাল প্র্যাকটিস গ্রুপের কর্মসূচি ব্যবস্থাপক এম মাশরুর রিয়াজ প্রমুখ।
তোফায়েল আহমেদ বলেন, ‘ট্রেড পোর্টালটি চালু হওয়ায় বাণিজ্য সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। তা ছাড়া অনলাইনের মাধ্যমে কার্যক্রম সম্পন্ন হলে ব্যবসায়ের পরিচালন ব্যয় কমে আসবে।’ তিনি জানান, বিটিপির তথ্য নিয়মিত হালনাগাদ করতে এফবিসিসিআইয়ের সঙ্গে সমঝোতা চুক্তি হবে।
হেদায়েতুল্লাহ আল মামুন বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে এফবিসিসিআই এ ট্রেড পোর্টাল পরিচালনায় সহযোগিতা করবে।
ট্রেড পোর্টালটির ঠিকানা www.bangladeshtradeportal.gov.bd।