বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন-২০২১ সফল বাস্তবায়নের মধ্য দিয়ে ডিজিটাল মধ্যম আয়ের দেশ হিসেবে বাংলাদেশ আত্মপ্রকাশ করবে।
সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় গ্লোবাল রিভিউ অব এইড ফর ট্রেডের সভা উপলক্ষে আয়োজিত ‘এইড ফর ট্রেড ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক: প্রোমোটিং কানেকটিভিটি অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) নলেজ ম্যানেজমেন্ট অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্টের ভাইস প্রেসিডেন্ট বামবাং সুসানতনোর সঞ্চালনায় এ বৈঠকে কিরগিজস্তানের মিনিস্টার অব ইকোনমি আর্জিবেক কোঝোশিভ, সামোয়ার বাণিজ্য, শিল্প ও শ্রমবিষয়ক অ্যাসোসিয়েট মিনিস্টার টুইফাআসিসিনা মিসা লিসাটি লিলিইসিইয়াও পেলিমেনি এবং বিশ্ববাণিজ্য সংস্থার স্থায়ী প্রতিনিধি টান ই ওয়ান বক্তব্য দেন। বাণিজ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।
গোলটেবিল বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, ডিজিটাল মধ্যম আয়ের বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে। দেশের ১৬ কোটি মানুষের মধ্যে ১৩ কোটি মানুষ এখন মোবাইল ফোন ব্যবহার করছে, ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এখন ৬ কোটি ৭৩ লাখ। বাংলাদেশে ৫ হাজারের বেশি ডিজিটাল সেন্টারের মাধ্যমে গ্রামের মানুষ তথ্যপ্রযুক্তি সেবা পাচ্ছে। মন্ত্রী আরও বলেন, বাংলাদেশে এখন ইন্টারনেটভিত্তিক কেনাকাটা বা ই-কমার্সের জনপ্রিয়তা বাড়ছে। এ খাতে কোম্পানির সংখ্যা ৫০০ ছাড়িয়েছে।
তোফায়েল আহমেদ বলেন, বিশ্বে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সম্পাদিত কাজের ৮০ ভাগ এখনো দেশের অভ্যন্তরে সীমাবদ্ধ। মাত্র ২০ ভাগ আন্তদেশীয় পর্যায়ে করা সম্ভব হচ্ছে। এ ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে। এগুলো দূর করতে উন্নয়ন-সহযোগীদের এগিয়ে আসতে হবে। বিজ্ঞপ্তি