
বাংলাদেশ থেকে খুব বেশি পরিমাণে অর্থ পাচার হয় না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল সোমবার জাতীয় সংসদে স্বপন ভট্টাচার্যের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে অর্থ পাচারের যেসব কাহিনি শুনি, তা সঠিক নয়। এগুলো রংচং দিয়ে বলা হয়। তবে অর্থ পাচার যে একেবারে হয় না, তা নয়। যে ধরনের অর্থ পাচারের কথা বলা হয়, বাস্তবে ততটা হয় না। আমাদের অর্থ পাচার খুব বেশি নয়।’
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে গচ্ছিত বাংলাদেশের রিজার্ভের অর্থ আদায়বিষয়ক সম্পূরক প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, ‘কেবল রিজার্ভ নয়, রিজার্ভের টাকা তো সামান্য। এটা আর কত হবে, বড় জোর ৭০-৮০ কোটি ডলার। সর্বোচ্চ হলে ১০০ কোটি ডলার। কিন্তু আমরা পাকিস্তানের কাছে চার ধরনের খেসারত চেয়েছি। তারা আমাদের দেশের যে ক্ষতি করেছে, অর্থনীতি যেভাবে ধ্বংস করেছে, সেটা অনেক বড়। এসব বিষয়ে আমরা খেসারত চেয়েছি এবং আমাদের দাবি আদায়ে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। যত দিন আওয়ামী লীগ সরকার থাকবে, আমাদের এই দাবি সব সময় থাকবে। আমরা এটার পেছনে লেগে আছি।’
নাসিমা ফেরদৌসীর প্রশ্নের জবাবে আবুল মাল আবদুল মুহিত বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ঋণখেলাপি ব্যক্তি বা কোম্পানির সংখ্যা ২ লাখ ১৩ হাজার ৫৩২। এদের কাছে মোট খেলাপি ঋণের পরিমাণ ৬৩ হাজার ৪৩৫ কোটি টাকা। এর মধ্যে ব্যাংকের খেলাপি ঋণ ৫৮ হাজার ৮৭৭ কোটি এবং আর্থিক প্রতিষ্ঠানের ৪ হাজার ৫৫ কোটি টাকা।
আবদুল মতিনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে তফসিলি ব্যাংকগুলো থেকে ৯ হাজার ৯৩৩ কোটি ৫ লাখ টাকা কৃষি ও পল্লি ঋণ হিসেবে বিতরণ করা হয়েছে। এই ঋণের সুদের হার সর্বোচ্চ ১০ শতাংশ। তবে তৈলবীজ, মসলাজাতীয় ফসল ও ভুট্টা চাষে ৪ শতাংশ রেয়াতি সুদের হারে ঋণ বিতরণ করা হয়েছে। এ ক্ষেত্রে সরকার ৬ শতাংশ সুদ ভর্তুকি দিয়ে থাকে।
জাহান আরা বেগমের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ১০১ দশমিক শূন্য ১ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে ৩৪ দশমিক ৫৩ মিলিয়ন ডলার উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি অর্থ উদ্ধারে ফিলিপাইনে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রীয় মালিকানাধীন ছয়টি ব্যাংকের অলস টাকার পরিমাণ প্রায় ১ হাজার ২২৬ কোটি টাকা। এর মধ্যে সোনালী ব্যাংকের ৪৬৬ কোটি, জনতা ব্যাংকের ২৯৯ কোটি, অগ্রণী ব্যাংকের ২৩৬ কোটি, রূপালী ব্যাংকের ১৪৪ কোটি, বেসিক ব্যাংকের ৭১ কোটি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ১০ কোটি টাকা। এ ছাড়া বিশেষায়িত কৃষি ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের যথাক্রমে ১৪৯ কোটি ও ১৫ কোটি টাকা।
এস এম মোস্তফা রশিদীর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, পুঞ্জীভূত লোকসান, উৎপাদনে না থাকা, সিকিউরিটিজ আইন পালনে ব্যর্থতা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে শেয়ার অজড়কৃত না করায় ওটিসি মার্কেটের ৬৬ কোম্পানির শেয়ার মূল মার্কেটে আনা সম্ভব হচ্ছে না। বিনিয়োগকারীদের স্বার্থরক্ষায় বিএসইসি ওটিসি মার্কেটের শেয়ারগুলোকে পর্যবেক্ষণে রেখেছে যাতে এসব কোম্পানিকে মূল মার্কেটে নিয়ে আসা যায়।
বাংলাদেশে ব্যবসা করছে এমন বহুজাতিক কোম্পানির শেয়ার বাজারে ছাড়তে বাধ্য করা হবে কি না- স্বপন ভট্টাচার্যের এ সম্পর্কিত সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এ ধরনের কাজ দেশের অর্থনীতির স্বার্থে মঙ্গলজনক বলে আমার মনে হয় না। তাই বিষয়টাকে আমরা উৎসাহিত করছি না।
এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বিনিয়োগকারীদের স্বার্থরক্ষা ও আস্থা অর্জনে আইপিওতে (প্রাথমিক গণপ্রস্তাব) ২০ শতাংশ কোটা সংরক্ষণ এবং ৯০০ কোটি টাকার প্রণোদনা দেওয়া হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের এক বছরের অর্জিত সুদের ৫০ শতাংশ মওকুফ করা হয়েছে।
আমিনা আহমেদের প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, প্রতিযোগী ব্যবসায়ীসহ স্বার্থান্বেষীরা নিজেদের স্বার্থে মিথ্যা অভিযোগ উপস্থাপনের মাধ্যমে রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটকের অগ্রযাত্রা ব্যাহত করার প্রয়াস চালাচ্ছে।
সাইবার নিরাপত্তাবিষয়ক সম্পূরক প্রশ্নের জবাবে আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক বলেন, ইন্টারনেট ব্যবহারকারী প্রতিটি দেশ ও মানুষ সাইবার ঝুঁকিতে আছেন। বাংলাদেশের ৪ মিলিয়ন মানুষ ইন্টারনেটের সঙ্গে যুক্ত। সবাই সাইবার ঝুঁকিতে আছেন। তবে সাইবার ঝুঁকি মোকাবিলায় ডিজিটাল নিরাপত্তা আইন তৈরিসহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। সাইবার ঝুঁকিতে থাকা রাষ্ট্রের ২১টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকি মোকাবিলায় একটি গাইডলাইন তৈরি করে ওই প্রতিষ্ঠানগুলোকে সরবরাহ করা হয়েছে।
প্রশ্নোত্তরের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল সাড়ে চারটার পর সংসদের অধিবেশন শুরু হয়।