বাংলাদেশ থেকে টাকা পাচার বেড়েছে

বাংলাদেশ থেকে বিদেশে টাকা পাচার এক বছরে ২৮ শতাংশ বেড়ে গেছে। ২০১১ সালে দেশ থেকে অন্তত ২৮০ কোটি ৫০ লাখ ডলার বা ২২ হাজার ৪৪০ কোটি টাকা পাচার হয়েছে। আর এর আগের বছর, ২০১০ সালে পাচার হয়েছিল ২১৯ কোটি ১০ লাখ ডলার বা ১৭ হাজার ৫২৮ কোটি টাকা (প্রতি ডলার গড়ে ৮০ টাকা ধরে)।
ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি (জিএফআই) ‘ইলিসিট ফাইন্যান্সিয়াল ফ্লোজ ফ্রম ডেভেলপিং কান্ট্রিজ: ২০০২-২০১১’ শীর্ষক যে প্রতিবেদন গত বৃহস্পতিবার প্রকাশ করেছে, তাতে এসব তথ্য পাওয়া গেছে। এতে বিশ্বের উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলো থেকে গত এক দশকে কী পরিমাণ অর্থ অবৈধভাবে বাইরে চলে গেছে, তার প্রাক্কলন করা হয়েছে।
উল্লেখ্য, গত বছর ডিসেম্বর মাসে এ প্রতিষ্ঠান উন্নয়নশীল দেশগুলো থেকে ২০০১-২০১০ সময়কালের টাকা পাচারের একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। বর্তমান প্রতিবেদনটি সেটিরই হালনাগাদকৃত রূপ।
হিসাবে কিছুটা সংশোধন হওয়ায় গতবারের চেয়ে এবারের হিসাবে বাংলাদেশ থেকে টাকা পাচারের পরিমাণের ক্ষেত্রেও সামান্য পরিবর্তন পরিলক্ষিত হয়। যেমন, গতবারের হিসাব অনুসারে, ২০১০ সালে বাংলাদেশ থেকে অন্তত ২৩৬ কোটি ৭০ লাখ ডলার (১৮ হাজার ৯৩৬ কোটি টাকা) পাচার হয়েছিল। হালনাগাদ হিসাবে এর পরিমাণ ২১৯ কোটি ১০ লাখ ডলার।
এ বিষয়ে প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হলে জিএফআইর মুখপাত্র ক্লার্ক গাস কয়েন ইমেইলে জানান, পাচারকৃত অর্থের হিসাব নির্ণয় পদ্ধতি সংশোধন করায় গোটা প্রাক্কলনেই কিছুটা পরিবর্তন এসেছে। তবে এটি উন্নততর হিসাব পদ্ধতি। তিনি আরও জানান, বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থের যে প্রাক্কলন গতবারের প্রতিবেদনে দেখানো হয়েছিল, এবারের প্রতিবেদনেও ২০০২ থেকে ২০১০ পর্যন্ত প্রতিবছরই প্রায় কাছাকাছি পরিমাণ পাওয়া গেছে।
জিএফআইর নতুন হিসাবে, ২০০২ থেকে ২০১১ সাল পর্যন্ত এক দশকে বাংলাদেশ থেকে অন্তত এক হাজার ৬০৭ কোটি ৭০ লাখ ডলার বা এক লাখ ২৮ হাজার ৬১৬ কোটি টাকা অবৈধভাবে বাইরে চলে গেছে। এর ফলে বিশ্বের যে ১৫০টি উন্নয়নশীল দেশ থেকে অবৈধভাবে অর্থ স্থানান্তর হয়েছে, সে দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ৪৭তম। আর দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান দ্বিতীয়।
জিএফআইর প্রধান অর্থনীতিবিদ ডেভ কার ও অর্থনীতিবিদ ব্রায়েন লা ব্লাংক এ প্রতিবেদন প্রণয়ন করেছেন। ডেভ কার এর আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অর্থনীতিবিদ ছিলেন।
এতে দেখা যায় যে আলোচ্য সময়কালে গড়ে প্রতিবছর ১৬০ কোটি ৮০ লাখ ডলার বা ১২ হাজার ৮৬৪ কোটি টাকা অবৈধপথে বাংলাদেশের বাইরে স্থানান্তর করা হয়েছে। অস্বচ্ছ ব্যবসায়িক লেনদেন, দুর্নীতি ও কর ফাঁকির মাধ্যমে এ অর্থ স্থানান্তর করা হয়েছে বলে জিএফআইর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন থেকে দেখা যায়, আলোচ্য ১০ বছরের মধ্যে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি অর্থ পাচার হয়েছে এই ২০১১ সালেই। এর আগে সর্বোচ্চ পরিমাণ টাকা পাচার হয়েছিল ২০০৬ সালে, যার পরিমাণ ২৬৪ কোটি ৮০ লাখ ডলার (২১ হাজার ১৮৪ কোটি টাকা)। তারপর ২০০৭ সালে যার পরিমাণ ২৫৮ কোটি ৩০ লাখ ডলার (২০ হাজার ৬৬৪ কোটি টাকা)।
যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমাদের অর্থনৈতিক নীতিতে ধারাবাহিকতার অভাব ও আর্থিক তদারকি-ব্যবস্থাপনায় দুর্বলতার কারণে টাকা পাচার হয়ে থাকে। কেননা, ব্যবসায়ী-উদ্যোক্তারা অনেক সময়ই দ্বিধাগ্রস্ত থাকেন যে হঠাৎ কোনো নীতি পরিবর্তন হলে তাঁদের কী হবে। ফলে অনেকে অর্জিত মুনাফা বিভিন্নভাবে বাইরে পাঠিয়ে দেন।’
সালেহউদ্দিন আরও বলেন, ‘আবার দেশে যখন রাজনৈতিক অস্থিরতা বেড়ে যায় বা ক্ষমতার পালাবদলের সময় ঘনিয়ে আসে, তখন বাইরে নিরাপদ স্থানে অর্থসম্পদ সরিয়ে নেওয়ার প্রবণতা বেড়ে যায়। টাকা পাচারের এ তথ্য তারই প্রতিফলন। সম্ভবত রাজনীতিবিদ ও রাজনৈতিক মদদপুষ্ট ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভোগেন বলে এ রকমটি হয়।’
বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নরের মতে, দেশে অর্থনৈতিক সুশাসন জোরদার করা গেলে ও নিয়ন্ত্রণকারী বিভিন্ন সংস্থার দক্ষতা বাড়ানো গেলে টাকা পাচার অনেকটাই কমানো যাবে।
বৈশ্বিক চিত্র: জিএফআই বলছে, আলোচ্য সময়কালে উন্নয়নশীল দেশগুলো থেকে অন্তত ছয় লাখ কোটি ডলার অবৈধ পথে বেরিয়ে গেছে। এর মধ্যে ২০১১ সালেই বেরিয়ে গেছে ৯৪ হাজার ৬৪০ কোটি ডলার, যা কি না আগের বছরের চেয়ে ১৪ শতাংশ বেশি।
জিএফআইর প্রতিবেদন অনুসারে, ২০০২-১১ সময়কালে সবচেয়ে বেশি অর্থ পাচার হয়েছে চীন থেকে, যার পরিমাণ এক লাখ আট হাজার কোটি ডলার। দ্বিতীয় স্থানে আছে রাশিয়া—এক লাখ ৮৮ হাজার কোটি ডলার। তৃতীয় ও চতুর্থ স্থানে নাম রয়েছে যথাক্রমে মেক্সিকো (৪৬ হাজার ১৮৬ ৮০৯ কোটি ডলার) ও মালয়েশিয়ার (৩৭ হাজার কোটি ডলার)। পাচার হওয়া শীর্ষ ১০ দেশের তালিকায় ভারতের অবস্থান পঞ্চম। এ ১০ বছরে ভারত থেকে ৩৪ হাজার ৩৯৩ কোটি ডলারের সমপরিমাণ অর্থ কর ফাঁকি দিয়ে বাইরে সরিয়ে নেওয়া হয়েছে।
জিএফআই আরও বলছে, পাচার হয়ে যাওয়া এসব অর্থ জমা হয়েছে উন্নত বিশ্বের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এবং করের সুখস্বর্গ (ট্যাক্সেস হেভেন) বলে পরিচিত বিভিন্ন দেশ ও অঞ্চলে।