বাংলাদেশ থেকে রপ্তানি হচ্ছে চশমার কাঠামো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

চশমার কাঠামো (ফ্রেম) রপ্তানি করে মাত্র ১৬ মাসে প্রায় ২৪ লাখ মার্কিন ডলার বা সাড়ে ১৮ কোটি টাকা আয় করেছে বাংলাদেশ। এর মধ্যে গত ২০১৩-১৪ অর্থবছরে আয় হয়েছে প্রায় ১১ কোটি টাকা। আর চলতি ২০১৪-১৫ অর্থবছরের (জুলাই-অক্টোবর) প্রথম চার মাসে আয় হয়েছে প্রায় সাড়ে সাত কোটি টাকা। এ হিসাব রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবির।
চশমার কাঠামো রপ্তানি করে এ আয় করেছে বাংলাদেশে অবস্থিত বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ম্যাজেন (বাংলাদেশ) ইন্ডাস্ট্রিজ লিমিটেড। নীলফামারী জেলার উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা ইপিজেডে প্রতিষ্ঠানটির কারখানা। এটি হংকংভিত্তিক একটি কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান। ২০১৩ সালের মে মাসে প্রতিষ্ঠানটির উৎপাদন এবং ওই বছর থেকেই রপ্তানি কার্যক্রম শুরু করে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক পর্যায়ের এক কর্মকর্তা জানান, সীমিত পর্যায়ে ১২০০ কর্মী নিয়ে বর্তমানে প্রতিষ্ঠানটির কার্যক্রম চলছে। একই সঙ্গে চলছে প্রতিষ্ঠানটির পুরোদমে উৎপাদন কার্যক্রম শুরুর প্রস্তুতি। তিনি জানান, বর্তমানে প্রতিষ্ঠানটি চশমার কাঠামো তৈরি ও রপ্তানি করছে। পুরোদমে চালু হলে তখন বিভিন্ন ধরনের সানগ্লাস বা রোদচশমা তৈরি ও রপ্তানি করা হবে। বর্তমানে উৎপাদিত পণ্য সরাসরি হংকংয়ের মূল প্রতিষ্ঠানের কাছে রপ্তানি করা হয়। ওখান থেকে সেগুলো বিশ্বের বিভিন্ন দেশে যায়। এমনকি বিশ্বের নামীদামি ব্র্যান্ডের কাছেও এসব পণ্য সরবরাহ করা হয়।
এদিকে স্থানীয় বাজারে চশমার কাঠামো ও চশমার যে চাহিদা রয়েছে, তার ৯৫ শতাংশই আমদানির মাধ্যমে পূরণ করা হয় বলে এ শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিরা জানান। বাকি চাহিদা স্থানীয় কয়েকটি উৎপাদক প্রতিষ্ঠান পূরণ করছে। বাংলাদেশ চশমাশিল্প ও বণিক সমিতির হিসাব অনুযায়ী, দেশের চারটি প্রতিষ্ঠান সীমিত পর্যায়ে চশমার কাঠামো তৈরি এবং স্থানীয় বাজারে তা বাজারজাত করছে। এর বাইরে এ শিল্পের পুরোটাই মূলত আমদানিনির্ভর। সেখানে এখন বাংলাদেশ থেকে চশমার কাঠামো রপ্তানি হচ্ছে। যদিও রপ্তানিকারক প্রতিষ্ঠানটি স্থানীয় বাজারে তাদের পণ্য বাজারজাত করে না।
ইপিবির হিসাব অনুযায়ী, রপ্তানির বর্তমান ধারা অব্যাহত থাকলে চলতি অর্থবছর শেষে এ খাত থেকে রপ্তানি আয় সাড়ে ২২ কোটি টাকা ছাড়িয়ে যাবে। অর্থাৎ গত বছরের চেয়ে দ্বিগুণ রপ্তানি আয় হবে বলে ধারণা করা হচ্ছে।
ইপিবির পরিসংখ্যান অনুসারে, মূলত গত অর্থবছর থেকেই চশমার কাঠামো রপ্তানি হচ্ছে। এর আগে কয়েক দফায় নামমাত্র কিছু চশমার কাঠামো ও সানগ্লাস রপ্তানি হলেও তাতে কোনো ধারাবাহিকতা ছিল না বলে জানা গেছে। এ ছাড়া রপ্তানির পরিমাণও ছিল যৎসামান্য। ম্যাজেন ইন্ডাস্ট্রিজই গত অর্থবছর থেকে উল্লেখযোগ্য পরিমাণে এ পণ্য রপ্তানি শুরু করেছে বলে জানা গেছে।
রপ্তানিকারক প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, ২০১৩-১৪ আর্থিক বছরে কোম্পানিটি প্রায় পাঁচ লাখ পিস চশমার কাঠামো রপ্তানি করেছে। প্রতিষ্ঠানটির আর্থিক বছরের হিসাব করা হয় এপ্রিল থেকে মার্চ সময়ে। সেই হিসাবে চলতি ২০১৪-১৫ আর্থিক বছরের নয় মাসে (এপ্রিল থেকে নভেম্বর) প্রায় ১০ লাখ পিস চশমার কাঠামো রপ্তানি করা হয়েছে। তবে কোম্পানির কর্মকর্তাদের কেউই নাম উল্লেখ করে কোনো বক্তব্য দিতে রাজি হননি। নাম প্রকাশ না করার শর্তে তাঁরা এসব তথ্য দেন।
এ ছাড়া ইপিজেডের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ বা বেপজা সূত্রেও কোম্পানিটির সম্পর্কে বেশ কিছু তথ্য পাওয়া গেছে।
জানতে চাইলে বেপজার জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক নাজমা বিন্তে আলমগীর প্রথম আলোকে বলেন, বাংলাদেশের আটটি ইপিজেডের মধ্যে ম্যাজেন ইন্ডাস্ট্রিজই একমাত্র চশমার কাঠামো ও রোদচশমা উৎপাদনকারী প্রতিষ্ঠান। হংকংয়ের মালিকানাধীন এ প্রতিষ্ঠানটির বিনিয়োগের পরিমাণ ১১ মিলিয়ন বা এক কোটি ১০ লাখ মার্কিন ডলার।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির উৎপাদনক্ষমতার ৩০ শতাংশ ব্যবহৃত হচ্ছে। আগামী বছরের জুনের মধ্যে প্রতিষ্ঠানটির সক্ষমতা পুরোদমে ব্যবহারের উপযোগী হবে।
উৎপাদন কার্যক্রমের সঙ্গে যুক্ত কোম্পানির অপর এক কর্মকর্তা জানান, প্রতি মাসে পাঁচ থেকে সাত লাখ পিস চশমা ও কাঠামো তৈরির সক্ষমতার হিসাব ধরা হয়েছে। তার মধ্যে বর্তমানে প্রতি মাসে উৎপাদিত হচ্ছে এক লাখ পিস চশমার কাঠামো। পুরোদমে কারখানাটির উৎপাদন প্রক্রিয়া শুরু হলে মোট কর্মীর সংখ্যা বেড়ে দাঁড়াবে প্রায় ছয় হাজারে। তখন রপ্তানির পরিমাণও বহুগুণ বেড়ে যাবে।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, চশমার কাঠামো তৈরির কাঁচামাল হিসেবে প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী ব্যবহার করা হয়। এর বেশির ভাগ আমদানি হয় চীন থেকে।