বাংলাদেশ নিয়ে কোনো সমস্যা দেখে না আইএমএফ: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১ জুলাই থেকেই নতুন মূল্য সংযোজন কর (মূসক) আইন কার্যকর করা হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সফররত দলকে এ কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সচিবালয়ে গতকাল সোমবার আইএমএফ দলটির সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের অর্থমন্ত্রী এ কথা জানান। দলটির নেতৃত্ব দেন আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মিৎসুহিরো ফুরুসাওয়া। দলটি আগামী ১০ মার্চ পর্যন্ত বাংলাদেশে থাকবে এবং বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করবে।
কী আলোচনা হলো, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘তেমন কিছু না। তাঁরা বললেন যে বাংলাদেশ ভালোভাবেই চলছে। আরও বললেন যে বাংলাদেশ নিয়ে আইএমএফ কোনো সমস্যা দেখে না, তবে কিছু কিছু ক্ষেত্রে সতর্ক হওয়া দরকার বলে মনে করে।’
তবে কোন কোন ক্ষেত্রে সতর্ক হতে পরামর্শ দিয়েছে আইএমএফ, তা আর উল্লেখ করেননি অর্থমন্ত্রী। বৈঠক শেষে আইএমএফ দলের কেউ সাংবাদিকদের কিছু জানাননি।
অর্থমন্ত্রী অবশ্য সাংবাদিকদের জানান, আইএমএফ দল নতুন মূসক আইন কার্যকরের অগ্রগতি জানতে চেয়েছে এবং কার্যকর করার পরামর্শ দিয়েছে।
মূসক আইন নিয়ে ব্যবসায়ীদের যেসব দাবি রয়েছে, সেগুলোর কিছু কিছু পূরণের ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। বলেন, বাকি দাবিগুলো নিয়ে এনবিআরের (জাতীয় রাজস্ব বোর্ড) একটা যৌথ কমিটি কাজ করছে।
অর্থমন্ত্রী বলেন, ‘একটা সারসংক্ষেপ তৈরি হয়েছে। দস্তখত হয়ে গেছে। কয়েক দিনের মধ্যেই হাতে পাব। তবে আমি নিশ্চিত যে নতুন মূসক আইন নির্দিষ্ট দিনেই কার্যকর হবে, ব্যত্যয় হবে না।’
অর্থমন্ত্রী বলেন, ‘আইএমএফকে খুশি করার জন্য নয়, নতুন মূসক আইন কার্যকর হলে মূসক আদায় সহজ হবে। পাশাপাশি হয়রানি কমবে, রাজস্ব আদায় বাড়বে।’
জানা গেছে, আইএমএফের পরামর্শেই নতুন মূসক আইন প্রণয়নে হাত দেয় সরকার। গত বছরের ১ জুলাই থেকে কার্যকরের কথা থাকলেও ব্যবসায়ীদের দাবির মুখে সরকার তা কার্যকরের সময় এক বছর পেছায়। তারপরও ব্যবসায়ীরা প্যাকেজ মূসক বহাল রাখাসহ নানা দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন।
এদিকে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে গত রোববার আলাদা বৈঠক করেছে আইএমএফ দল। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর সার্বিক অবস্থা, ব্যাংক খাতের সুশাসন, খেলাপি ঋণ পরিস্থিতি ও শীর্ষ ঋণগ্রহীতাদের তথ্য জানতে চেয়েছে আইএমএফ।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে আগামী ১ মার্চ এবং বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আগামী ৫ মার্চ আবার বৈঠক করবে আইএমএফ দল।