বাংলাদেশ-নেপাল বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠক আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও নেপালের মধ্যে বাণিজ্যসচিব পর্যায়ের তৃতীয় বৈঠক আজ মঙ্গলবার ঢাকায় শুরু হচ্ছে। এতে অংশ নেওয়ার জন্য নেপালের বাণিজ্যসচিব নায়ন্দ্র প্রসাদ উপাধ্যায়ার নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকায় পৌঁছেছে।
দুই দিনের ওই বৈঠকটি বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের ১৮ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন। ওই বৈঠকে ১১টি বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হবে।
আলোচ্য বিষয়গুলো হলো বাংলাদেশ-নেপালের মধ্যে ট্রানজিট কার্গো পরিবহনের পদ্ধতি নির্ধারণ, উভয় দেশের পণ্য আমদানিতে পারস্পরিক শুল্ক সুবিধা প্রদান, কাঁকরভিটা-পানিট্যাংকি-ফুলবাড়ি বাণিজ্য পথ পুরোপুরি চালু করা, রেল যোগাযোগ স্থাপন, বাণিজ্য বাড়াতে স্যানিটারি ও ফাইটোস্যানিটারি ব্যবস্থা সমন্বিত করা, বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য নেপালে ব্যবসায়ী ভিসা সহজ করা এবং নেপালি নাগরিকদের জন্য বাংলাদেশে আসার ক্ষেত্রে স্থলবন্দরে ‘অন অ্যারাইভাল’ ভিসা চালু, এক দেশ অপর দেশের বাণিজ্য মেলায় অংশগ্রহণ, পর্যটন বৃদ্ধি, নেপালের জলবিদ্যুৎ খাতে বিনিয়োগ, ওষুধের নিবন্ধন পদ্ধতি সহজ করা এবং ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ও পাবলিক ট্রেডিং করপোরেশন অব নেপালের (পিটিসিএন) সরকারি পর্যায়ে অত্যাবশ্যকীয় পণ্য সরাসরি ক্রয়-বিক্রয় সম্পর্কিত সমঝোতা।
বাণিজ্য মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার বলা হয়, নেপালে বাংলাদেশি পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে, অন্যদিকে নেপালে উৎপাদিত জলবিদ্যুৎ বাংলাদেশে আমদানির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের সমুদ্রবন্দর ব্যবহার করে রেল ও সড়কপথে ট্রানজিটের মাধ্যমে পণ্য আমদানিতে নেপালের আগ্রহ রয়েছে।
২০১৪-১৫ অর্থবছরে নেপালে বাংলাদেশি পণ্যের রপ্তানির পরিমাণ ছিল আড়াই কোটি ডলার। বাংলাদেশ নেপাল থেকে আমদানি করেছে ১ কোটি ১৫ লাখ ডলারের পণ্য।